Main Menu

বৃহস্পতি ও শুক্রবার বন্ধ শাহজালাল (র.) মাজার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মরণব্যাধী করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কায় পবিত্র শবে বরাতে জনসমাগম এড়াতে বৃহস্পতি ও শুক্রবার (৯ ও ১০ এপ্রিল) সিলেটের হযরত শাহজালাল (র.) এর দরগাহ বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে কেউ দরগাহ এলাকায় প্রবেশ বা জিয়ারত করতে পারবেন না। দরগাহ মসজিদে বাইরের কেউ নামাজও আদায় করতে পারবেন না।

দরগাহে হজরত শাহজালাল (রহ.) মাজারের খাদেম সামুন মাহমুদ খান এমন তথ্য জানিয়ে বলেন, আমরা ইতোমধ্যে দুদিনের বন্ধ ঘোষণা করে মাজারের ফটকগুলোতে ব্যানার টানিয়ে দিয়েছি। এ্ই দুদিন কেউ মাজার এলাকায় প্রবেশ করতে পারবেন না। শুক্রবার জুমার নামাজের সময়ও বাইরের মুসল্লীরা দরগাহ মসজিদে নামাজ আদায় করতে পারবেন না।

তিনি বলেন, মূলত শবে বরাতের ভিড় এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি শবে বরাতের রাতে শাহজালাল (র.) লাখো মানুষ জিয়ারতে আসেন। এবার করোনাভাইরাস সংক্রমনের প্রেক্ষিতে এভাবে লোকজন জড়ো হওয়া খুব ঝুঁকিপূর্ণ। তাই আমরা মাজার দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেছি।

এদিকে মহামারি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে শবে বরাতের রাতে বিশেষ দোয়া করার পাশাপাশি কবরস্থান বা মাজারে জনসমাগম না করার জন্য দেশের সব ধর্মপ্রাণ মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানান, বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে। বাংলাদেশেও এর প্রভাব দৃশ্যমান হচ্ছে।

বিরাজমান এ পরিস্থিতিতে মহিমান্বিত এ রজনীতে নিজ নিজ বাসস্থানে অবস্থান করে ইবাদত-বন্দেগির সময় ব্যক্তিগত দোয়া ও প্রার্থনা ছাড়াও করোনা ভাইরাসের মহামারির আক্রমণ থেকে আমাদের প্রিয় মাতৃভূমি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীকে সুরক্ষা ও নিরাপদ রাখার বিষয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করার জন্য দেশের সব ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

দেশের শ্রদ্ধেয় আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন, মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষকসহ সব ধর্মপ্রাণ মুসলমানকে এই দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, ইতোপূর্বে লক্ষ্য করা গেছে যে, শবে বরাতে জিয়ারতের জন্য কবরস্থান ও মাজারে অনেক লোকের সমাগম হয়। এছাড়া কবরস্থান ও মাজারের ভিতরে-বাইরে অনেক ভিক্ষুক, অসহায়, অসচ্ছল, প্রতিবন্ধী ও রোগাক্রান্ত ব্যক্তি সাহায্যের জন্য সমবেত হন। এ ধরনের জনসমাগমের কারণে করোনা ভাইরাস ব্যাপক হারে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এমতাবস্থায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শবে বরাতে কবর জিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে না গিয়ে নিজ নিজ বাসস্থানে অবস্থান করে মৃত আত্মীয়-স্বজনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে।

একই সঙ্গে কবরস্থান ও মাজারের গেট বন্ধ রাখাসহ কবরস্থানের ভিতর ও বাইরে কোনো ধরনের জনসমাগম না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে সারাদেশে শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিনগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন।

Share





Related News

Comments are Closed