Main Menu

গণপরিবহন ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার। তবে এসময়ে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন চলাচল করতে পারবে।

শনিবার (৪ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে জনস্বার্থের কথা বিবেচনা করে আগামী ১১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে, জরুরি সার্ভিসের জন্য পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জ্বালানি, পচনশীল দ্রব্য, ত্রাণবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। কিন্তু পণ্যবাহী পরিবহন ও ট্রাকে কোনোভাবেই যাত্রী পরিবহন করা যাবে না।’

তিনি বলেন, ‘সাধারণ ছুটির মধ্যে যানবাহনের ফিটনেস কিংবা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে জরিমানা ছাড়া নির্ধারিত ফি ও কর দিয়ে ৩০ জুন পর্যন্ত লাইসেন্স আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।’

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পাড় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য দলের কেন্দ্রীয় নেতাদের পাশপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আাসার আহ্বান জানান। তবে সামাজিক দূরত্ব ও জমায়েত যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্সের মতো উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাসময়ে যথোপযুক্ত পদক্ষেপের কারণেই সম্ভব হয়েছে।

করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটির মধ্যে এর আগে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সারাদেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব বাড়তে থাকায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। এছাড়া শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

Share





Related News

Comments are Closed