করোনা : মঙ্গলবার থেকে ক্লাস হবে টিভিতে
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের সংসদ টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সেরা শিক্ষকদের রেকর্ডিং করা ক্লাস প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। পরিস্থিতি অবনতি হলে বন্ধের সময় বাড়তে পারে। এ অবস্থায় শিশুদের দূরশিক্ষণের মাধ্যমে পড়াশোনার সঙ্গে সংশ্লিষ্ট রাখতে এ উদ্যোগ নিয়েছে সরকার। আগামী মঙ্গলবার থেকে প্রচার শুরু করা হবে পরীক্ষামূলকভাবে।
প্রাথমিকভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদফতরও একই চিন্তাভাবনা করছে বলে জানা গেছে।
করোনাভাইরাসের প্রকোপে ইতোমধ্যেই প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, অন্যদিকে কোচিং বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার বন্ধ হয়ে গেছে। এই বন্ধের মেয়াদ আরও বাড়তে পারে বলেও আলোচনা চলছে।
এ অবস্থায় সরকার বিকল্প উপায়ে ক্লাস নেয়ার উদ্যোগ নিয়েছে। আগামী তিন মাসের পরিকল্পনা নিয়ে এই কাজ হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাউশির একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা।
শিক্ষার্থীদের জন্য সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যবর্তী সময়ে এই ক্লাসগুলো প্রচার করা হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত একেকটি বিষয়ের জন্য মোট ৩৫টি ক্লাস থাকবে বলে জানা গেছে।
মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির চৌধুরী এই উদ্যোগের কথা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের ক্লাস রেকর্ডিং করে সংসদ টিভির মাধ্যমে ক্লাস প্রচার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল শনিবার থেকেই এসব ক্লাস রেকর্ডিং করা শুরু হয়েছে। তিনটি স্টুডিওয়ে এই ক্লাস রেকর্ডিং করা হচ্ছে। এর মধ্যে একটি স্টুডিও সরকারের শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর। এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং মোবাইল ফোন অপারেটর রবির স্টুডিওতে এসব ক্লাস রেকর্ডিং করা হচ্ছে।
আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এসব ক্লাস প্রচার করা হবে। এরপর সফলতা পেলে নিয়মিতভাবে এটি চলবে। আগামী সপ্তাহ থেকেই নিয়মিতভাবে এভাবে ক্লাস হবে।
প্রাথমিক স্তরের শিশুদের জন্যও বিকল্প উপায়ে ক্লাস নেয়ার পরিকল্পনা চলছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed