Main Menu

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরের নাটিমা নামক স্থানে একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় নাটিমায় মহেশপুর-যাদবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী। তারা একটি বরযাত্রীর সঙ্গে যাচ্ছিলেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

নিহতরা হলেন- বর রনি মিয়ার ভগ্নিপতি নেহালপুর গ্রামের নজু (৫০), মান্দারতলা গ্রামের জয়নালের ছেলে ছাব্বির (২৫) ও চাকলা গ্রামের রফিক (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মান্দারতলা গ্রামের আব্দুর রবের ছেলে রনি মিয়ার বিবাহ উপলক্ষে নাটিমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে মোটর সাইকেলযোগে ৩ বরযাত্রী যাওয়ার সময় জাগুসা-নাটিমা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল আরোহি গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed