গিনেস রেকর্ডসে নাম লেখালেন কেশবতী
আন্তর্জাতিক ডেস্ক: রূপকথার রাপুঞ্জেল যেন নেমে এসেছে ভারতের গুজরাট রাজ্যে। রাজ্যের মোদাসা শহরে নিলানশি প্যাটেল নামের ১৯ বছর বয়সী এক নারীর চুল ৬ ফুটের বেশি লম্বা। বাহারি চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি।
সবচেয়ে লম্বা চুলের অধিকারী হতে চুল বড় করেননি নিলানশি। এক বিরক্তিকর অভিজ্ঞতা থেকে চুল বড় করেছিলেন তিনি। ছয় বছর বয়সে একবার সেলুনে চুল কাটাতে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেই চুল কাটানো পছন্দ হয়নি নিলানশির। ফলে আর চুল কাটেননি তিনি। আর সেই চুল তাঁকে স্থান দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বলা হচ্ছে, নিলানশি হলেন বিশ্বের সবচেয়ে লম্বা চুলের তরুণী।
নিলানশি এই প্রথম রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন এমনটা নয়, এর আগে ২০১৭ সালের ২১ নভেম্বরও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন তিনি। তখন তাঁর চুল ছিল ৫.৫৯ ফুট। এরপর সেই রেকর্ড হাতছাড়া হয়েছিল তাঁর। গত শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছে, ৬ ফুট ২.৮ ইঞ্চি চুলের জন্য সম্প্রতি আবার রেকর্ড ফিরে পেয়েছেন নিলানশি।
নিলানশি বলেন, ‘আমি আমার চুল পছন্দ করি। আমি কখনোই আমার চুল কাটিনি। আমার মায়ের স্বপ্ন ছিল, আমার নাম গিনেস বুকে উঠবে।’
নিলানশির কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর এই লম্বা চুলের রহস্য কী? এই প্রশ্নের উত্তরে রহস্যটা খোলাসা করেননি তিনি। তিনি বলেন, তাঁর মা তাঁকে ঘরে তৈরি করা তেল মেখে দেন।
নিলানশি বর্তমানে দ্বাদশ শ্রেণির ছাত্রী। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তিনি আসলে সফটওয়্যার প্রকৌশলী হতে চান। এ ছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার পরও লম্বা চুলের অধিকারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চান তিনি।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed