Main Menu

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ২ নভেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এ পরীক্ষায় এবার (২০১৯) অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে ২৯ হাজার ২৬২ প্রতিষ্ঠান থেকে এসব পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

২০১৮ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট অংশ নিয়েছিল ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৮ হাজার ৬৫১ জন।

মন্ত্রী বলেন, এবার জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন। এবার জেএসসিতে অনিয়মিত পরীক্ষার্থী ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন এবং জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২৯১ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এবার বিদেশের ৯টি কেন্দ্র—জেদ্দা, রিয়াদ, মদিনা, ত্রিপলি, দোহা, সাহাম, বাহারাইন, আবুধাবি ও দুবাই কেন্দ্রে ৪৫৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষার প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed