Main Menu

যুক্তরাষ্ট্রে সড়কে প্রাণ গেল দুই বাংলাদেশির

বৈশাখী নিউজ ডেস্ক: অভিবাসী মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে যাওয়ার ১০ দিনের মাথায় দুই বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় গাড়ি চাপা পড়ে মারা গেছেন।

২১ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ফিনিক্স সিটি সংলগ্ন স্যান্ডলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল (৫০) ও তার ১৩ বছরের ছেলে আব্দুল্লাহ উদ্দিন। তারা লক্ষ্মীপুরের বাসিন্দা।

ডিটেকটিভ শেথ টাইলার বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে ঘাতক চালক মিশেল হেগারম্যানকে (৫৪) বুধবার সকালে গাড়িসহ গ্রেপ্তার করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ওই দিন সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য ছেলেকে নিয়ে ইস্টভেলি ইসলামিক সেন্টার মসজিদের দিকে হেঁটে যাচ্ছিলেন কাজল। ইরি স্ট্রিট পার হওয়ার সময় কালো রংয়ের ডজ ডুরঙ্গ গাড়িটি তাদের চাপা দিয়ে কেটে পড়ে। ঘটনাস্থলেই কাজলের মৃত্যু হয়। মারাত্মক আহত আব্দুল্লাহ পরদিন হাসপাতালে মারা যান।

নিহত কাজলের বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল জানান, ১৪ বছর আগে তার করা পারিবারিক ভিসার আবেদন মঞ্জুর হলে দুর্ঘটনার ১০ দিন আগে স্ত্রী, কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে ও ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন কাজল।

Share





Related News

Comments are Closed