Main Menu

শিশু তুহিন হত্যা : বাবা ও চাচা ফের রিমান্ডে

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামে শিশু তুহিন হত্যাকান্ডের ঘটনায় বাবা ও চাচাকে আবারো রিমান্ডে নিয়েছে পুলিশ। বাবা আব্দুল বাছিরকে ৫ দিন ও দুই চাচাকে ৩ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় সুনামগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে নিহত শিশুর পিতা আব্দুল বাছির এবং চাচা আব্দুল মোছাব্বির ও জমশেদ আলীকে আদালতের কাছে ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত পিতার ৫ দিন এবং দুই চাচার ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

তিনি জানান, হত্যাকান্ডের বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের আবারো রিমান্ডে নেয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার তুহিনের বাবাব আব্দুল বাছির ও দুই চাচাকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে, নিহতের আরেক চাচা নাসির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় প্রথমে সন্দেহভাজন হিসেবে বাবা, চাচা, চাচি, চাচাতো বোন ও চাচাতো ভাইকে আটক করেছিল পুলিশ। পরে ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে চাচি ও চাচাতো বোনকে ছেড়ে দেয়া হয়।

হত্যাকান্ডের পর দিন (১৪ অক্টোবর) শিশু তুহিনের মা মনিরা বেগম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তুহিনের বাবাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত রোববার (১৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে নৃশংস এই খুনের ঘটনা ঘটে। সোমবার ভোরে গাছে ঝুলে ছিল শিশু তুহিনের লাশ। পেটের মধ্যে ঢুকানো ছিল দুটি ছুরি। ডান হাতটি গলার সঙ্গে থাকা রশির ভেতরে ঢুকানো ছিল। বাম হাতটি ঝুলে ছিলে লাশের সঙ্গে। কেটে নেওয়া হয় শিশুটির কান ও লিঙ্গ। আর তার পুরো শরীর ছিল রক্তে ভেজা।

Share





Related News

Comments are Closed