Main Menu

প্রেমের টানে সিলেটে আসা খাসিয়া নারীকে হস্তান্তর

বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমের টানে সীমান্ত পেরিয়ে এপারে এলেও থাকতে পারলেন না ভারতের মেঘালয়ের ইস্ট জৈন্তাহিলের এসপিটিলা হেওয়াই বস্তির পাঁচ সন্তানের জননী কারেংশু খাসিয়া।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পতাকা বৈঠকের পর ওই নারীকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়।

তিনি গত ১২ অক্টোবর প্রেমিক জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিনের ছেলে ফিরোজ মিয়ার সাথে পালিয়ে চলে আসেন বাংলাদেশে। বাংলাদেশে আসার পরপরই প্রেমিক ফিরোজ তাকে নিয়ে চলে যান আত্মগোপনে।

তাকে ফিরিয়ে নিতে বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে বুধবার এক বাংলাদেশী এবং অর্ধশত গরু ধরে নিয়ে যায় ভারতীয় খাসিয়ারা। এ নিয়ে সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।

বুধবার বিকেলে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। তখন ভারতীয় খাসিয়ারা কারেংশুকে ফেরত দিলেই বাংলাদেশি নাগরিক আব্দুন নুর ও ধরে নিয়ে যাওয়া গরু ফেরত দেবে বলে জানায়। অন্য দিকে পুলিশও আত্মগোপনে যাওয়া প্রেমিক-প্রেমিকার অবস্থান শনাক্ত করে। মৌলভীবাজারের জুড়ি পুলিশের সহায়তায় তাদের ধরে জৈন্তাপুরে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পতাকা বৈঠকের পর ওই নারীকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয় এবং বাংলাদেশী যু্বকসহ ধরে নিয়ে গরুগুলোও তারা বিজিবির কাছে হস্তান্তর করে। পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্বে ছিলেন জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল কাদের এবং বিএসএফের নেতৃত্বে ছিলেন আইএসপি সুরেন্দ্র রায়। এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর থানার এস আই আতিকুর রহমান রাসেল ও বিএসএফের হেওয়াই ক্যাম্পের হাবিলদার পঙ্কজ কুমার ও ভারতের মুক্তাপুর থানার অফিসার আর এ তারিং।

এ ব্যাপারে বিজিবি জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির জানান, “আমরা কয়েক দফা শান্তিপূর্ণ ভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে চলে আসা নারীকে পুলিশের মাধ্যমে উদ্ধার করে নিয়ে আসি এবং বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করেছি।”

উল্লেখ্য, গত ১২ অক্টোবর শনিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী টিপরাখলা গ্রামের বাসিন্দা হারিছ আলীর ছেলে ফি‌রোজ মিয়ার প্রেমের টানে সীমান্তবর্তী ভারতের এসপিটিলা এলাকার হেওয়াই বস্তির খাসিয়া সম্প্রদায়ের গৃহবধূ পাঁচ সন্তানের জননী কারেংসু খাসিয়া পালিয়ে আসেন বাংলাদেশে। এর জেরে বাংলাদেশের আব্দুর নুর নামের এক যুবকসহ প্রায় শতাধিক গরু ধ‌রে নি‌য়ে যায় ভারতের খাসিয়া সম্প্রদায়ের লোকজন।

এ ঘটনার পর থেক সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তের উভয় পাশে উত্তেজনা বিরাজ করছিলো। বুধবার ভারতীয় খাসিয়া কারংসুকে মৌলভীবাজারের জুড়ি থেকে আটক করে পুলিশ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। আজ বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে খাসিয়া নারী কারংসুকে বিএসএফের কাছে হস্তান্তর করা হলে তারাও বাংলাদেশী যুবক ও ধরে নেয়া গরু ফেরত দেন।

Share





Related News

Comments are Closed