Main Menu

মেয়র আরিফের বিরুদ্ধে থানায় জিডি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন এহছানুল হক তাহের নামের এক ব্যবসায়ী। আরিফ তাকে হুমকি দিয়েছেন, এমনটি উল্লেখ করে নগরীর কোতোয়ালী থানায় জিডি (নং-৫৪৫, তারিখ ০৮.১০.২০১৯ইং) করেছেন তাহের।

জিডি দায়েরকারী এহছানুল হক তাহের নগরীর জল্লারপারের হক মঞ্জিলের ফজলুল হক তানু মিয়ার ছেলে। তিনি জিন্দাবাজার পয়েন্টস্থ একটি লাইব্রেরি ও স্টেশনারি দোকানের পরিচালক।তিনি গত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এহছানুল হক তাহের।

তাহের জিডিতে উল্লেখ করেছেন, ‘মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে জিন্দাবাজারে লতিফ সেন্টার মার্কেটের সম্মুখের ডান পার্শ্বে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে ড্রেন খননের লক্ষ্যে জায়গা নির্ধারণের বিষয়ে আলাপকালে পরিকল্পনা প্রণয়নের কপি চাওয়ায় তিনি আমার উপর ক্ষিপ্ত হন। ক্ষিপ্ত হয়ে মারমুখী অবস্থায় হুমকি প্রদান করে বলেন, “দোকান ভাঙ্গবো পারলে আটকাও”। এমতাবস্থায় আমি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি আমার মৌরশী সত্ত্বের দোকান রক্ষা ও আমার নিজের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

তবে হুমকি প্রদানের অভিযোগ অস্বীকার করেছেন মেয়র আরিফুল হক। তিনি বলেন, এটি উন্নয়নবিরোধী একটি গোষ্ঠির ষড়যন্ত্র। তবে কোনো ষড়যন্ত্রই সিলেটের উন্নয়ন ঠেকাতে পারবে না।

 

Share





Related News

Comments are Closed