Main Menu

আবরার হত্যার প্রতিবাদে শাবিতে মশাল মিছিল

শাবি প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মশাল মিছিল বের হয়। মিছিলটি প্রধান ফটক থেকে শুরু হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ধরে সিলেট নগরীর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতাল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে, সবার মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, ক্যাম্পাসে ও আবাসিক হলে দলীয় দখলদারিত্ব বন্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রীয় হস্তক্ষেপ মুক্ত করতে হবে ও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন নিশ্চিত করতে হবে এবং দেশীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।

জানা যায়, গত রোববার দিবাগত রাত আটটার দিকে একদল ছাত্র আবরারকে তার রুম থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত দুইটার দিকে শেরে বাংলা হলের প্রথমতলা ও দ্বিতীয়তলার মাঝামাঝি জায়গায় ফাহাদের মরদেহ দেখতে পায় অন্য শিক্ষার্থীরা। তার শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শের-ই-বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে (২১) এদিন রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন বুয়েটের মেডিকেল অফিসার ডা. মো. মাশুক এলাহী। শিক্ষার্থীদের ধারণা ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed