Main Menu

দিরাইয়ে নৌকাডুবিতে ৮ জনের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে নৌকাডুবির ঘটনায় চার শিশুসহ এখন পর্যন্ত আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন দুজন। এছাড়া ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালিয়াকোটা হাওরের করচা বিলে নৌকাডুবির পরপরই চার শিশুর লাশ উদ্ধার করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে আরও চারটি লাশ উদ্ধার করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়া এবং অন্ধকারের কারণে মঙ্গলবার রাতে উদ্ধার অভিযান ব্যাহত হয়৷ বুধবার ভোর থেকে ফের উদ্ধার অভিযান শুরু করলে আরও ৪টি লাশ পাওয়া যায়। এ ঘটনায় মোট ৮ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে ওসি জানান, এ ঘটনায় এখন ২ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার উদ্ধার হওয়া চার শিশুরা হচ্ছে, দিরাইয়ের রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামিম (২), বদরুলের প্রতিবন্ধী ছেলে আবির (৩), উপজেলার চরনাচর ইউনিয়নের নোয়ারচর গ্রামের আফজালের ছেলে সোহান (২), পেনুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে আজম (২)।

তবে বুধবার ভোরে উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামে নিকটাত্মীয়ের বাড়িতে বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে তার ভগ্নিপতি আমিনুল ইসলামসহ ৩১ জন ইঞ্জিনচালিত নৌকায় পেরুয়া গ্রামের উদ্দেশে রওনা দেন। রাত আটটার দিকে যাত্রী বোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে কালিয়াকুটা হাওরের আইনুল বিলের পাশে ডুবে যায়। এ সময় হাওরের মধ্যে পুঁতে রাখা বাঁশ-কাঠা আঁকড়ে ধরে থাকেন ২১ জন। পরে আশপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় এ পর্যন্ত চার শিশুসহ আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দুই জন।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, সিলেট ও সুনামগঞ্জের ডুবুরি দলের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় হাওরে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

Share





Related News

Comments are Closed