Main Menu

সিলেট চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন আগামি ২১ সেপ্টেম্বর শনিবার অনুাষ্টত হবে। নিবাচনকে সামনে রেখে নির্বাচন বোর্ডের উদ্যোগে এক সংবাদ সম্মেলন বুধবার বেলা ১২টায় চেম্বারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, সিলেটের ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নির্বাচন ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐদিন নগরীর ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে এবং ভোট গণনা শেষে ঐদিনই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

তিনি জানান, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা সর্বমোট ২,৪৬৫ জন। যার মধ্যে অর্ডিনারী ১৪১৩ জন, এসোসিয়েট ১০৪০ জন, ট্রেড গ্রুপ ১১ জন ও টাউন এসোসিয়েশন ১ জন। এবছর পরিচালনা পরিষদের ২২টি পদে সর্বমোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বদ্ধিতা করবেন, যার মধ্যে অর্ডিনারী শ্রেণী থেকে ২৪ জন, এসোসিয়েট শ্রেণী থেকে ১০ জন এবং ট্রেড গ্রুপ শ্রেণী থেকে ৬ জন প্রার্থী রয়েছেন। টাউন এসোসিয়েশন শ্রেণীতে কোন প্রতিদ্বদ্ধি না থাকায় ঐ শ্রেণীর একমাত্র প্রার্থী শমশের জামালকে বিনা প্রতিদ্বদ্ধিতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নাসির উদ্দিন খান আরো বলেন, নির্বাচন উপলক্ষে আমরা ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য সংস্থার বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়াও নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা সিনিয়র সাংবাদিকবৃন্দ, সিলেট জেলা আইনজীবি সমিতিসহ কয়েকটি সংস্থার প্রধানদের বরাবরে পত্র প্রেরণ করেছি।

ভোটারদের অবগতির জন্য তিনি বলেন, অর্ডিনারী শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ১২টি ভোট, এসোসিয়েট শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ৬টি ভোট এবং ট্রেড গ্রæপ শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ৩টি ভোট অবশ্যই প্রদান করতে হবে। নির্ধারিত সংখ্যার চাইতে ভোট বেশি বা কম হলে ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে। তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানান।

সংবাদ সম্মেলনে সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে নির্বাচন বোর্ড ও আপীল বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও তিনি আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সিলেট চেম্বার অব কমার্সের সকল সম্মানিত সদস্যবৃন্দ, সিলেটের স্থানীয় প্রশাসন, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইন-শৃংঙ্খলা বাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং সুশীল সমাজসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন আপীল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট এ কে এম শমিউল আলম, নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট সৈয়দ শামীম আহমদ, এডভোকেট মো. জুনেল আহমদ, আপীল বোর্ডের সদস্য এডভোকেট মো. রাজ উদ্দিন, হারুন আল রশিদ দীপুসহ সিলেটের বিভিন্ন স্থানীয়-জাতীয় পত্র-পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিবৃন্দ।

Share





Related News

Comments are Closed