Main Menu

পংকজ দেবনাথকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি

বৈশাখী নিউজ ডেস্ক: সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের ঘটনায় সিলেটে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় এ ডায়েরি (নং-৩৮৬) করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ।

ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ‘গত ২৬ আগস্ট ফেসবুকে সাকিব লোকমান এবং আলম শুভ নামের দুটি আইডি থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ আসনের সাংসদ পংকজ দেবনাথের নামে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলকভাবে তার ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে বিভিন্ন ভিডিও ও ছবি পোস্ট করা হয়। বর্ণিত আইডি থেকে যে ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে, এর সাথে পংকজ দেবনাথের কোনো সংশ্লিষ্টতা নেই। এই অবস্থায় পংকজ দেবনাথের বিরুদ্ধে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ফুটেজ দেখে আমি হতভম্ব।’

অভিযোগকারী জালাল উদ্দিন আহমদ কয়েছ বলেন, ‘বিভ্রান্তিকর ছবি ও ভিডিও প্রকাশে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে। দলের কর্মী হিসেবে আমি মর্মাহত। এ ধরনের বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ছবি ও ভিডিও প্রচার ও প্রকাশকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ।

বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে জিডি দায়েরকালে জালাল উদ্দিন আহমদ কয়েছ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজীজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed