Main Menu

রুপনগর বস্তির আড়াই হাজার ঘর পুড়ে ছাই

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর রূপনগর বস্তির প্রায় আড়াই হাজারের বেশি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতের প্রায় সাড়ে ৩ ঘণ্টার আগুনে বস্তিবাসী সর্বস্ব হারালেও বেঁচে গেছে কেবল প্রাণটুকু। এখন বস্তির পুড়ে যাওয়া ছাই এর মধ্যে খুঁজে ফিরছেন হারানো স্মৃতি।

ঈদের ছুটিতে অনেকেই গিয়েছিলেন বাড়িতে। আবার যারা ঢাকায় ছিলেন তারাও পরিবার-পরিজন নিয়ে গিয়েছিলেন বাহিরে ঘুরতে। কিন্ত ফিরে এসে দেখেন গুছিয়ে রেখে যাওয়া ঘরটিতে দাউদাউ করে জলছে আগুনের লেলিহান শিখা। অসহয়ের মতো দাঁড়িয়ে দেখেছেন সাজানো গুছানো ঘরটি পুড়ে যেতে। আবার অনেকে জানেনই না ঢাকায় রেখে যাওয়া ঘরটি আর নেই। আগুনের শিখা গ্রাস করে ফেলেছে তাদের শেষ সম্বলটুকু।

শনিবার (১৭ আগস্ট) রাজধানীর মিরপুর রুপনগরের সেকশন ৭ নম্বরে চলন্তিকা এলাকায় দেখা যায় সর্বস্ব হারিয়ে রাস্তার পাশে বসে আহাজারি করছেন অনেকে। আবার অনেকে আগুনে পুড়ে যাওয়া ঘরের ছাই আর পোড়া টিনের মাঝে খুঁজছেন হারিয়ে ফেলা স্মৃতির শেষ অংশটুকু।

চোখের সামনে নিমিষেই সব কিছু পুড়ে যেতে দেখেছেন ভোলা জেলার আকলিমা বেগম। সব কিছু জারিয়ে নিঃস্ব আকলিমা আহাজারি করছেন রাস্তার পাশে বসে। আর স্বজনরা তাকে নানা ভাবে বুঝানোর চেষ্টা করছেন।

অশ্রুশিক্ত চোখে আকলিমা বলেন, কিছুই বাঁচাইতে পারি না। আমি ঈদে বাড়িতে গেছিলাম। আইসা দেখি ঘরে আগুন জলতাছে। কি করমু বুইঝা ওঠার আগেই সব শেষ হয়ে গেলো।

তিনি আরও বলেন, তিলতিল করে জমানো ২০ হাজার টাকা আর কানের দুল ছিলো। আমার সব কিছু ছাই হয়ে গেলো। ঘরের কোন কিছুই নেই। সব ছাই হয়ে গেছে।

শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে মিরপুরের সেকশন ৭ এর চলন্তিকা বস্তিতে আগুন লাগে। এরপরে সময়ের সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের বস্তিতে। প্রায় সাড়ে তিন ঘণ্টার আগুনে পুড়ে যায় ৭ নং চলন্তিকা বস্তি, আবাসিক কবিরের বস্তি এবং ৭ নং বস্তির প্রায় আড়াই হাজার ঘর।

এদিকে, মিরপুর রুপনগরের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস।

বিষয়টি নিশ্চিত করে অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, অগ্নিকান্ডের ঘটনা তদন্তে উপ-পরিচালক (অ্যাম্বুলেন্স) আবুল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, সহকারি পরিচালক (অপারেশন) আবুল হোসেন এবং উপ সহকারি পরিচালক (মিরপুর জোন) নেওয়াজ আহমেদ।

যথা শিগগির সম্ভব তদন্ত রিপোর্ট জমা দিতে কমিটির প্রতি আহবান জানানো হয়েছে বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed