Main Menu

বিয়ানীবাজারে প্রবাসীর বাসায় ডাকাতি

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের টিএন্ডটি রোডস্থ কাজল ভিলায় দিনদুপুরে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাচতলা বিশিষ্ট এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলার প্রবাসী মাসুদ আহমদের বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে।

এতে নগদ এক লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এরপর একই বিল্ডিংয়ের ৩য় তলার ৬ নং ফ্ল্যাটের দরজার তালা ভেঙ্গেও ভিতরে ঢোকার চেষ্টা করে ডাকাতরা। কিন্তু এই ফ্ল্যাট থেকে তারা কিছু নিতে পারেনি৷ খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এঘটনায় প্রবাসী মাসুদ আহমেদ ওই দিন রাতেই বিয়ানীবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে ডাকাতির ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ৷

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরশহরের টিএন্ডটি রোডস্থ পাঁচতলা বিশিষ্ট কাজল ভিলা নামক বিল্ডিংয়ে বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। বিল্ডিংয়ের ২য় তলায় থাকেন মাথিউরা পুরুষপালের বাসিন্দা প্রবাসী মাসুদ আহমদের স্ত্রী ও সন্তানরা। ঈদ উপলক্ষে গত বুধবার দেশে বেড়াতে আসেন মাসুদ।

বৃহস্পতিবার সকালে বাসা তালাবদ্ধ করে স্ত্রী, সন্তানদের নিয়ে নিজগ্রামের বাড়িতে বেড়াতে যান। বিকেলে বিল্ডিংয়ের কেয়ারটেকারের স্ত্রী ছাদে যাওয়ার জন্য নিচ থেকে উপরে উঠলে দ্বিতীয় তলার মাসুদ আহমদের ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পান। এরপর তিনি বিষয়টি মাসুদ আহমেদকে অবহিত করেন। খবর পেয়ে তিনি বাসায় ছুটে এসে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং নগদ একলক্ষ টাকাসহ মূল্যবান মালামাল নেই। তাৎক্ষণিক বাসার লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে ওই ডাকাত দল দ্বিতীয় তলায় ডাকাতির পর তৃতীয় তলার ৬নং ফ্ল্যাটে সাংবাদিক সুফিয়ান আহমদের বাসায়ও ডাকাতির চেষ্টা চালায়। তবে সেখান থেকে তারা কিছু নিতে পারেনি। এঘটনায় প্রবাসী মাসুদ বিয়ানীবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন৷

নিজের বাসায় ডাকাতির বিষয়ে মাসুদ বলেন, ‘জনবহুল একটি এলাকা থেকে এভাবে যদি মানুষের টাকাপয়সা ডাকাতি হয়, তাহলে আমরা কিভাবে বসবাস করবো। আমরা প্রবাসীরা কষ্টে অর্জিত রেমিট্যান্স দেশে পাঠাই, অথচ আমাদের কোন নিরাপত্তা নেই। তিনি তার বাসায় ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত আটকের দাবী জানান’।

ডাকাতির ঘটনার বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় অভিযোগও দায়ের হয়েছে। আমরা ওই বিল্ডিংয়ের বসবাসরত সবার আইডি কার্ড সংগ্রহ করেছি এবং জড়িতদের আটকে চেষ্টা চালাচ্ছি। তিনি বলেন, ডাকাতির ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের ছাঁড় দেয়া হবে না।

Share





Related News

Comments are Closed