Main Menu

বিশ্ব বাঘ দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক : ‘বাঘ বাড়াতে শপথ করি, সুন্দরবন রক্ষা করি’ এই স্লোগানে আজ সোমবার (২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস ২০১৯ পালিত হচ্ছে। বাঘের আবাসভূমি আছে এমন ১৩টি দেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে একযোগে দিবসটি পালন করা হচ্ছে।

বাংলাদেশে বাঘের সবচেয়ে বড় আবাসভূমি সুন্দরবন। বিশ্বের সর্ববৃহৎ ১০ হাজার বর্গকিলোমিটারের এই ম্যানগ্রোভ বন বাংলাদেশ এবং ভারতের যৌথ সীমানায় অবস্থিত। বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রানীর আবাসস্থল হিসেবে পরিচিত এই সুন্দরবন। ২০১৮ সালে বন বিভাগ পরিচালিত এক জরিপে দেখা গেছে, সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১১৪।

এ দিবস উপলক্ষে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, বাঘ রক্ষা এবং তাদের বংশবৃদ্ধির ব্যাপারে সরকার কাজ করছে। যার ফলাফল হিসেবে ২০১৫ সালের তুলনায় ২০১৮ সালে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বন্যপ্রাণি শিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

সুন্দরবন একাডেমির পরিচালক সুভাষ বিশ্বাস জানান, সুন্দরবন আমাদের রক্ষা করে, আর বাঘ সুন্দরবন রক্ষা করে। তাই বাঘ রক্ষায় কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বাগেরহাট শাখা সভাপতি নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তন, চোরা শিকারিদের হানা ও বিষ দিয়ে মাছ শিকারের জন্য বাঘের সংখ্যা কমে গেছে। সুন্দরবন ও বাঘের আবাসস্থল নিরাপদ রাখলে বাঘের সংখ্যা আবার বৃদ্ধি পাবে।

Share





Related News

Comments are Closed