Main Menu

জাবিতে র‌্যাগিংয়ের প্রতিবাদে মানববন্ধন

জাবি প্রতিনিধি: র‌্যাগিং এবং গেষ্টরুম অপসংস্কৃতির প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জহিরুল ইসলাম ফয়সালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক আবু সাইদ, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন শিশির, আদিব মুনিম আরিফ প্রমুখ।

আবুসাইদ তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু হলে ২য় বর্ষের শিক্ষার্থী কর্তৃক প্রথম বর্ষের ফয়সালকে অমানুষিক শারীরিক নির্যাতন করা হয়েছে। অসুস্থ বলার পরেও তাকে গ্রীলের সাথে ঝুলতে বলা কোন সুস্থ মস্তিস্ক সম্পন্ন মানুষ করতে পারেনা। প্রশাসনের নিকট এসব অমানুষদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।’

জয়নাল আবেদীন শিশির বলেন, ‘র‌্যাগিংয়ের ঘটনা ক্যাম্পাসে নতুন কিছু নয়। ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতারা আধিপত্য ধরে রাখার জন্য নবীন শিক্ষার্থীদের ম্যানার শেখানোর নামে শারীরিক এবং মানসিক নির্যাতন করে। প্রশাসনের পক্ষ থেকে বারবার শক্ত অবস্থানের বলা হলেও পরিস্থিতির কোন উন্নতি ঘটেনি।’

আদীব মুনিম আরিফ বলেন,‘বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের একজন শিক্ষার্থীর যে অধিকার মাষ্টার্সের শিক্ষার্থীরও সে অধিকার। কিন্তু প্রথমবর্ষের শিক্ষার্থীদের গণরুমে থেকে নিয়মিত গেষ্টরুম এবং রাতে সিটিংয়ে বসতে হয় । সেখানে ২য় বর্ষের সিনিয়রদের দ্বারা বিভিন্ন ভাবে হেনস্তা ও নিগৃহিত হয়। এভাবে তাদের মানসিক নির্যাতন করা হয়। আমরা এ অবস্থার নিরসন চাই।’

সমাপনী বক্তব্যে সংগঠনের আহবায়ক শাকিল উজ জামান বলেন, যারা এ কাজের সাথে জড়িত আমরা তাদের শাস্তি দাবি করছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সকলের সমান অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কোন রাজনৈতিক সংগঠন যেন কর্তৃত্ব করতে না পারে সে বিষয় নিশ্চিত করা।’

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবিশাখা ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদ সংহতি প্রকাশ করে।

Share





Related News

Comments are Closed