২৩ ক্রুসহ যুক্তরাজ্যের জাহাজ আটকালো ইরান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের একটি তেল ট্যাঙ্কার আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ট্যাঙ্কারটি পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করেছে বলে দাবি ইরানের।
ইরানি গণমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে- আইআরজিসি’র জনসংযোগ দফতর শুক্রবার (১৯ জুলাই) রাতে এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হরমুজগানের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে ‘স্টেনা ইমরো’ নামের একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইনের প্রতি সম্মন না দেখানোয় ইরানের ওই সংস্থা তেল ট্যাংকারটি আটকের অনুরোধ জানায় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন ধ্বংসের মার্কিন দাবিকে মিথ্যা প্রমাণিত করে ভিডিও ফুটেজ প্রকাশের কিছু সময় পরেই যুক্তরাজ্যের ট্যাঙ্কারটি আটকের খবর দেয় আইআরজিসি।
এর আগে জিব্রাল্টার প্রণালিতে ইরানের একটি তেল ট্যাঙ্কার আটক করে যুক্তরাজ্য। ইরান বার বার জাহাজটি ছেড়ে দেয়ার অহবান জানালেও যুক্তরাজ্য জিব্রাল্টার প্রণালিতে আটকে রেখেছে।
এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট হরমুজ প্রণালি থেকে আরেকটি ব্রিটিশ তেল ট্যাঙ্কার আটকের খবর দেয়। দুটি ট্যাঙ্কার আটকের ঘটনা ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, পারস্য উপসাগর থেকে আটক করা ব্রিটিশ পতাকাবাহী তেলের ট্যাঙ্কার না ছাড়লে ইরানকে এর ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে।
তবে একইসঙ্গে তিনি সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে জানান, লন্ডন তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করছে।
ইরানের আইআরজিসি শুক্রবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্যের তেলবাহী জাহাজটি তিনটি আইন লঙ্ঘন করেছে। ট্যাঙ্কারটি আন্তর্জাতিক পানিসীমা থেকে ইরানের পানিসীমায় ঢুকে পড়েছিল, নিজেকে শনাক্তকরণ যন্ত্রপাতি বন্ধ করে রেখেছিল এবং আইআরজিসির পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও তাতে ভ্রুক্ষেপ করেনি।
বিবৃতিতে আরো বলা হয়, তেল ট্যাঙ্কারটি আটক করে ইরানের উপকূলে নিয়ে আসা হয়েছে এবং আইনগত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য এটিকে হরমুজগান প্রদেশের বন্দর ও নৌচলাচল বিষয়ক সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে তেল ট্যাংকারটিতে ২৩ জন ক্রু থাকলেও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হান্ট দাবি করেছেন, তাদের মধ্যে একজনও ব্রিটিশ নাগরিক নয়।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed