Main Menu

সুনামগঞ্জে পানিবন্দি ১ লাখ ৩০ হাজার পরিবার

বৈশাখী নিউজ ডেস্ক: টানা ভারি বর্ষণ আর উজানের ঢলে সারা দেশে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে। এরমধ্যে সুনামগঞ্জের ১১ উপজেলায় ৭০টি ইউনিয়নের প্রায় ১ লাখ ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

জেলায় বন্যায় বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। ঘরবাড়ি ও গবাদিপশু নিয়ে ঝুঁকিতে রয়েছেন সাধারণ মানুষ। প্রায় সবকটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক এরইমধ্যে তলিয়ে গেছে।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, সুনামগঞ্জে সরকারি ১০টি বন্যাশ্রয় কেন্দ্র ছাড়াও দুর্গতদের আশ্রয় দিতে প্রাথমিক বিদ্যালয়গুলোও প্রস্তুত রয়েছে। গত চার দিনে জেলার ২৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। শত শত শিক্ষাপ্রতিষ্ঠান ঢলের জলে তলিয়ে যাচ্ছে। হাসপাতালগুলোও প্লাবিত হওয়ায় সাধারণ মানুষদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। বেড়েছে দ্রব্যমূল্যের দাম।

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফরিদুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথম পর্যায়ে বন্যা আক্রান্ত ৬টি উপজেলায় ৬ লাখ টাকা, ৩০০ মেট্রিকটন চাল ও ২৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। দ্বিতীয় দফায় গতকাল রবিবার ১০ লাখ টাকা, ৩০০ মেট্রিকটন চাল ও ৪০০০ হাজার প্যাকেট শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।

টানা প্রায় এক সপ্তাহের পাহাড়ি ঢল ও বর্ষণে সোমবার সকাল ৯টা নাগাদ সুরমার পানি বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২১-২২ জুলাই পর্যন্ত ঢল ও বর্ষণ অব্যাহত থাকবে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed