Main Menu

ভূমধ্যসাগর থেকে ৩৭ বাংলাদেশিকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে নৌকাডুবির কবল থেকে ৩৭ বাংলাদেশিসহ ৭১ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুলাই) তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে অবৈধপথে ইতালি যাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে তিউনিশীয় কর্তৃপক্ষ।

এর মাত্র কয়েকদিন আগেই একইপথে পাড়ি দেওয়ার সময় ৮০ জন অভিবাসীকে নিয়ে ভূমধ্যসাগরে তলিয়ে গিয়েছিল একটি নৌকা।

তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম এদ্দিন জাবালির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৩৭ বাংলাদেশি অভিবাসীসহ নৌকাটি সোমবার লিবিয়ার জুয়ারা শহর থেকে যাত্রা শুরু করে এবং তিউনিশিয়ার কেরকেন্নাহ দ্বীপের কাছাকাছি এসে ডুবতে শুরু করে।

জানা যায়, নৌকাটিতে থাকা ৭১ যাত্রীর সবাইকে উদ্ধারে সমর্থ হয়েছে উদ্ধারকারীরা। তাদের মধ্যে ৩৭ বাংলাদেশি, আটজন মরক্কান, সাতজন আলজেরিয়ান, চারজন সুদানিজ, দুইজন চাদ প্রজাতন্ত্রের এবং একজন তিউনিশিয়ার।

তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র।

Share





Related News

Comments are Closed