Main Menu

সিলেটে হরতালে জনজীবন স্বাভাবিক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল সিলেটে চলছে ঢিলেঢালাভাবে। হরতাল পালনকারীরা যান চলাচলসহ বিভিন্নস্থানে পিকেটিং করলেও হরতালের মাঝে নগরীতে স্বাভাবিক রয়েছে জনজীবন।

রবিবার সকাল থেকে হরতালের মাঝেও প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবেই। সেই সাথে নগরীর দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানও খুলেছে সাধারণ দিনের মতোই। তবে বৃষ্টির কারণে দোকানপাট খুলতে কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়া স্কুল কলেজে ক্লাস পরীক্ষাও হয়েছে।

হরতালের সমর্থনে সকাল ৯টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। এসময় তারা বন্দরবাজার, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট এলাকায় পিকেটিং করতে দেখা যায়। মিছিল শেষে পুনরায় কোর্ট পয়েন্টে এসে অবস্থান নেন হরতাল পালনকারীরা। এছাড়া সিলেট শহরের আরো কয়েকটি মোড়ে পিকেটিং করে নেতাকর্মীরা। এতে জোরপূর্বক বাঁধা না দিয়ে যান চালকদেরকে এ হরতালের বিষয়ে বুঝাতে দেখা গেছে।

এসময় নগরীতে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বর্তমানে সরকারবিরোধী সর্ববৃহৎ জোট জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে হরতালে কোনো সমর্থন না আসলেও তাদের দুই প্রধান শরিক বিএনপি ও গণফোরাম এতে সমর্থন দিয়েছে। তবে এ দুটি দলের কাউকে মাঠে থাকতে দেখা যায়নি।

এর আগে গত ৩০ জুন এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, গড়ে গ্যাসের দাম বেড়েছে ৩২ দশমিক ৮০ শতাংশ। রান্নাঘরে যাদের গ্যাসের চুলা একটি, তারা এতদিন মাসে বিল দিতেন ৭৫০ টাকা। এখন থেকে গ্যাস বিল বাবদ মাসে তাদের ব্যয় হবে ৯২৫ টাকা। খরচ বাড়ল ১৭৫ টাকা। যাদের বাসায় দুই চুলা, তারা এতদিন বিল দিতেন ৮০০ টাকা। এখন তাদের দিতে হবে ৯৭৫ টাকা।

বাসাবাড়ির গ্যাসের পাশাপাশি যানবাহনে ব্যবহার করা সিএনজির (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) দামও বেড়েছে। সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারে দাম বেড়েছে তিন টাকা। ৪০ টাকার সিএনজি গ্যাসের দাম বেড়ে হয়েছে ৪৩ টাকা।

এই অযৌক্তিক দাম বাড়ানোর প্রতিবাদে ১ জুলাই এক সংবাদ সম্মেলনে ৭ জুলাই আধাবেলা (সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত) হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।

Share





Related News

Comments are Closed