Main Menu

আবারও সাগরে ডুবে মরলো ৮০ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক: সাগরপথে লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দিতে গিয়ে তিউনিশিয়া উপকূলে আবারও অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ৮০ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। নিহতদের বেশিরভাগই আফ্রিকান নাগরিক বলে বিবিসির খবরে জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার তিউনিশিয়ার রেড ক্রিসেন্ট এ তথ্য প্রকাশ করেছে।

তিউনিশিয়ার জারজিস উপকূলে এ নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করেছে জেলেরা। তাদের একজন হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

উদ্ধার হওয়া মালির তিন নাগরিক বিবিসিকে জানিয়েছেন, অভিবাসন-প্রত্যাশীদের নৌকাটি লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রা শুরুর ঘণ্টা তিনেক পর নৌকাটিতে পানি উঠতে থাকে। এর কিছুক্ষণ পরই নৌকাটি ডুবে যায়। তখন তারা কাঠের টুকরো ধরে ভাসছিলেন। এ অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে।

আফ্রিকার হাজার হাজার অভিবাসন-প্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। ইউরোপে প্রবেশ করতে গিয়ে লিবিয়ার বন্দিকেন্দ্রগুলোতে আটকে আছেন হাজার হাজার অভিবাসী। এর মধ্যে গত বুধবার ভোরে লিবিয়ার একটি অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতদের অধিকাংশই আফ্রিকান অভিবাসন-প্রত্যাশী।

উল্লেখ্য, গেল ১০ মে তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৫ জন অভিবাসন-প্রত্যাশীর প্রাণহানি হয়। নিহতদের মধ্যে কমপক্ষে ৩৭ জন ছিলেন বাংলাদেশি নাগরিক।

Share





Related News

Comments are Closed