Main Menu

এবার বিমান বহরে যুক্ত হচ্ছে ‘গাঙচিল’

বৈশাখী নিউজ ডেস্ক: ‘আকাশবীণা’ ও ‘হংস বলাকার’ পরে এবার বাংলাদেশ বিমানে যুক্ত হচ্ছে আরেক ড্রিমলাইনার উড়োজাহাজ ‘গাঙচিল’। উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সিয়ালট থেকে সরাসরি বাংলাদেশে পথে যাত্রা শুরু করবে আগামী ২৩ জুলাই। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ‘গাঙচিল’ উড়োজাহাজটি ২৮ জুলাই উদ্বোধন করা হবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭১টি আসন রয়েছে এবারের ড্রিমলাইনার গাঙচিলে। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি, ইকোনমি ক্লাস ২৪৭টি। বিজনেস ক্লাসের আসন ১৮০ ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্ল্যাটবেড করা সম্ভব। টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম ড্রিমলাইনারে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ কম জ্বালানির প্রয়োজন হবে।

ড্রিমলাইনার উড়োজাহাজ ঘণ্টায় ৬৫০ কিলোমিটার বেগে উড়তে পারে। বিমানটির ইঞ্জিন প্রস্তুত করেছে জেনারেল ইলেক্ট্রিক (জিই)। ইঞ্জিনের সঙ্গে শেভরন প্রযুক্তি যুক্ত থাকায় উড়োজাহাজটিতে শব্দ কম হবে। বিমানটির উচ্চতা ৫৬ ফুট। দুটি পাখার আয়তন ১৯৭ ফুট। উড়োজাহাজের মোট ওজন ১ লাখ ১৭ হাজার ৬১৭ কিলোগ্রাম।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ ব্রেকিংনিউজকে জানান, চারটি ড্রিমলাইনার উড়োজাহাজের নাম পছন্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেগুলো হলো- আকাশবীণা, হংস বলাকা, গাঙচিল ও রাজহংস। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে গাঙচিল উড়োজাহাজটির উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৮ জুলাই।

২০০৮ সালে মার্কিন বোয়িং কোম্পানির সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে। ইতোমধ্যে বহরে যুক্ত হয়েছে ৮টি বিমান। আরও একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার আসবে সেপ্টেম্বরে।

Share





Related News

Comments are Closed