লিবিয়ায় বিমান হামলায় নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতদের অধিকাংশই আফ্রিকান অভিবাসন প্রত্যাশী বলে বিবিসির খবরে জানানো হয়েছে।
বুধবার (৩ জুলাই) ভোরে দেশটির রাজধানী ত্রিপোলির তাজৌরা এলাকায় ভয়াবহ এই বিমান হামলা চালানো হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অভিবাসীদের আটক রাখা ওই কেন্দ্রটিতে মোট ১২০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে লিবিয়ার জরুরি বিভাগের মুখপাত্র ওসামা আলী জানিয়েছেন।
এদিকে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যমতের সরকার (জিএনএ) পক্ষ থেকে এ হামলার জন্য সাবেক জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) দায়ী করা হচ্ছে।
সাম্প্রতিককালে তাজৌরা এলাকায় জিএনএ’র আওতাধীন বাহিনীগুলোর সঙ্গে প্রায়ই লড়াই চলছে এলএনএ’র।
এরইমধ্যে গত সোমবার এক ঘোষণায় জিএনএ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ‘ব্যাপক বিমান হামলা’র হুঁশিয়ারি দিয়েছিল এলএনএ। আগাম সেই হুঁশিয়ারিই এবার এলএনএ’র ওপর দায় চাপাচ্ছে। তবে এলএনএ’র এক মুখপাত্র অভিবাসী কেন্দ্রে বিমান হামালার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন।
উল্লেখ্য, অভিবাসন প্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে প্রতিনিয়ত। ফলে ইউরোপে প্রবেশের আগেই লিবিয়ায় হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে আটক করে ওইসব কেন্দ্রগুলোতে বন্দি করে রাখা হচ্ছে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed