Main Menu

পাকিস্তানে হোটেলে গোলাগুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঁচ তারকা হোটেলের তিন হামলাকারীই নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই হামলায় হোটেলের এক নিরাপত্তারক্ষীর মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

শনিবার (১১ মে) স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে বেলুচিস্তান প্রদেশের বন্দরনগরী গোয়াদারে বিলাসবহুল পার্ল কন্টিনেন্টাল হোটেলে তিন বন্দুকধারী হামলা চালায়। এর পরপরই নিরাপত্তা বাহিনী হোটেলটিকে ঘিরে ফেলে।

কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারীরা হোটেলের দ্বিতীয় তলার একটি অংশে অবস্থান নিয়ে অনেকটা সময় ধরে গুলি ছুড়েছে। নিরাপত্তা বাহিনীও পাল্টা অবস্থান নিয়ে অভিযান চালালে শেষপর্যন্ত বন্দুকধারী তিনজনই নিহত হয়।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি ওই হামলার দায় স্বীকার করে বলেছে, চীনা এবং অন্য বিদেশি বিনিয়োগকারীদের তারা টার্গেট করেছিল।

যে এলাকায় হোটেলে এই হামলা চালানো হয়েছে সেখানে চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। এই সশস্ত্র গোষ্ঠীটি চীনা বিনিয়োগের বিরুদ্ধে। তাদের বক্তব্য হচ্ছে, চীন সেখানে যে বিনিয়োগ করছে, তাতে স্থানীয়দের কোনো লাভ হবে না।

পার্ল কন্টিনেন্টাল হোটেলেও নিয়মিত চীনাসহ অনেক বিদেশি থাকতেন। তবে হোটেলের এক মুখপাত্র জানিয়েছেন, রমজানের কারণে অতিথি কম ছিল এবং যে কয়েকজন অতিথি ছিল তাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছিল।

পার্ল কন্টিনেন্টাল হোটেলে শনিবার বিকেলে একদল বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে পাকিস্তান সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একটি বৈঠক ছিল।

বন্দুকধারীরা ওই বৈঠকে অংশগ্রহণকারীদের টার্গেট করে হামলা চালিয়েছিল। হোটেলের প্রবেশ পথে একজন নিরাপত্তারক্ষী হামলাকারীদের বাধা দেয় তখন তারা ওই নিরাপত্তারক্ষীকে হত্যা করে হোটেলে ঢুকে পড়ে।

তবে অল্প সময়ের মধ্যেই নিরাপত্তাবাহিনী হোটেলে এসে অবস্থান নিলে তাদের সঙ্গে বন্দুকধারীদের অনেক সময় ধরে গোলাগুলি হয়। বেলুচিস্তানে কয়েকটি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে।

Share





Related News

Comments are Closed