ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৩৭ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ৬০ জন অভিবাসীর একটি দল মারা গেছে। যার মধ্যে ৩৭ জন বাংলাদেশি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই দলে বাংলাদেশের ৫১ জনসহ একাধিক দেশের মোট ৭৫ জন অভিবাসী ছিল।
তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি শনিবার (১১ মে) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
লিবিয়ার বাংলাদেশ মিশন জানিয়েছে, ভূমধ্যসাগরে নৌকা ডুবে বাংলাদেশি মারা যাওয়ার ঘটনাটি তারা জানেন। তবে ওই ঘটনায় কতজন বাংলাদেশি ছিল এবং কতজন বাংলাদেশি মারা গেছেন এই বিষয়ে তাদের কাছে নিশ্চিত তথ্য নেই।
মিশন থেকে আরও জানানো হয়েছে, প্রকৃত ঘটনা জানতে এবং বাংলাদেশিদের উদ্ধার করতে মিশনের পক্ষ থেকে তিউনিসিয়া কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ চলছে এবং সেখানে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তবে লিবিয়াতে যুদ্ধ চলায় তিউনিশিয়ার সঙ্গে যোগাযোগে কিছুটা বিলম্ব হচ্ছে বলে মিশন থেকে জানানো হয়।
তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি আরও জানিয়েছে, ভূমধ্যসাগরে নৌকা ডুবে যাওয়ার ওই ঘটনায় শনিবার (১১ মে) তিউনিসিয়ার জেলেরা ১৬ জনকে উদ্ধার করে। যার মধ্যে ১৪ জন বাংলাদেশি রয়েছে।

এদিকে, ভূমধ্যসাগরে গত বৃহস্পতিবার (৯ মে) নৌকা ডুবিতে নিহতদের মধ্যে সিলেটের ছয় নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হচ্ছেন- মৌলভীবাজারের কুলাউড়ার বাসিন্দা, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ছোট ভাই আহসান হাবিব শামীম (১৯) ও তার শ্যালক কামরান আহমদ মারুফ (২৩), ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকার মুয়িদপুর গ্রামের হারুন মিয়ার ছেলে আব্দুল আজিজ ( ২৫), একই গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ (২৪), সিরাজ মিয়ার ছেলে লিটন (২৪) এবং গোলাপগঞ্জ উপজেলার হাওরতলা ভাদেশ্বর গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র আফজল মাহমুদ (২৫)।
শনিবার রাত ১টায় শাহরিয়ার আলম সামাদ তার ভাই ও শ্যালক নিহত হবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় ২ মাস পূর্বে তার ভাই ও শ্যালক দেশ ছাড়ে। এছাড়া, নিহত ফেঞ্চুগঞ্জের আজিজের ভাই মফিজুর রহমান ওই উপজেলার চারজন নিহত হবার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান। তিনি জানান, শনিবার বেলা ৩ টার দিকে তিউনিসিয়া উপকুল থেকে বেঁচে যাওয়া তার চাচা মুয়িদপুর গ্রামের দিলাল ফোন করে তাদের বিষয়টি নিশ্চিত করেন।
বেঁচে ফেরা অভিবাসীদের ভাষ্যমতে, নৌকাটিতে ৫১জন বাংলাদেশী ছাড়াও তিনজন মিশরীয় এবং মরক্কো, শাদ এবং আফ্রিকার অন্যান্য কয়েকটি দেশের নাগরিক ছিল।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed