Main Menu

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন জলদস্যু, অন্যজন জোড়া খুন মামলার আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার ( ৫ মে) ভোরে বন্দুকযুদ্ধের ঘটনা দুটি ঘটে।

চট্রগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাহাদুর ডাকাত (৪২) নামে এক জলদস্যু নিহত হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে উপজেলার ছোট ছনুয়ার পুঁইছড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

র‌্যাব-৭ এর এএসপি মাসকুর রহমান বলেন, তথ্যের ভিক্তিতে রাতে র‌্যাবের একটি দল বাঁশখালীর পুঁইছড়ি এলাকায় গেলে জলদস্যুদের একটি দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জলদস্যুরা পিছু হটে।

এসময় ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তিটি স্থানীয়ভাবে ‘বাহাদুর ডাকাত’ নামে পরিচিত। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র, খুন, ডাকাতিসহ ৭টির বেশি মামলা রয়েছে।

এদিকে, সাতক্ষীরার কালীগঞ্জে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নোভা সরদার (৫৫) নামে জোড়া খুন মামলার এক আসামি নিহত হয়েছে। রবিবার ভোরে উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সুলতানের মোড়ে প্রধান সড়কের কাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত নোভা সরদার, কালীগঞ্জের নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামের ঠাণ্ডাই সরদারের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ভোরে সুলতানের মোড়ে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, রামদা ও বোমা উদ্ধার করা হয়।

ওসি জানান, খোঁজ নিয়ে জানা গেছে নোভা সরদার একজন ভাড়াটে খুনি। তার বিরুদ্ধে জোড়া খুন, চার হত্যা মামলাসহ ১৬টি মামলা রয়েছে। পুলিশ তাকে অনেক দিন ধরে খুঁজছিল।

প্রাথমিক তদন্তে ওসি জানান, কোনো কারণবশত দুই গ্রুপের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটতে পারে। আর এই ঘটনাতেই নিহত হয়েছেন নোভা।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুধাংশু কুমার জানান, লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed