Main Menu

কুলাউড়ায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পারিবারিক সংঘর্ষে দিলু মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গুতগুতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিন ভাই এলাইছ মিয়া, মানিক মিয়া, তরী মিয়া এবং দিলু মিয়ার স্ত্রী মমতা বেগম আহত হয়েছেন।

নিহত দিলু মিয়ার পিতার নাম মৃত লাল মিয়া। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

নিহতের ভাগ্নে জুনেদ আহমদ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাড়ে তিন শতক জমি নিয়ে নিজেদের বাড়ির উঠোনে বুধবার দুপুরে এলাইছ মিয়া, মানিক মিয়া ও তরী মিয়া এবং মানিক মিয়ার ছেলে কামরুল মিয়ার সাথে দিলু মিয়ার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় দিলু মিয়ার পেটে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হলে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তার পেটে গুরুতর জখম হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

ভাগ্নে জুনেদ আহমদ সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনে বলেন, ‘বর্তমানে দিলু মিয়ার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ কুলাউড়ায় নিয়ে আসা হবে।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান সন্ধ্যা সাড়ে ৭টায় মোবাইল ফোনে বলেন, দু’পক্ষের সংঘর্ষে দিলু মিয়া নিহত হন। এ ঘটনায় আহত এলাইছ মিয়া, মানিক মিয়া, তরী মিয়া ও চাচাতো ভাই কামরুল মিয়াকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশী হেফাজতে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

Share





Related News

Comments are Closed