ইলিয়াস আলী নিখোঁজের সাত বছর আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের সাত বছর পূর্ণ হচ্ছে আজ। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে নিজ বাসায় ফেরার পথে রাজধানীর মহাখালী থেকে গাড়িচালক আনছার আলীসহ নিখোঁজ হন তিনি। ওই দিন মধ্যরাতে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর ব্যবহৃত গাড়িটি উদ্ধার হলেও সন্ধান মেলেনি তাদের দুইজনের।
দিন কিংবা মাস নয়, একে একে পেরিয়েছে সাতটি বছর। তবে অপেক্ষার প্রহর এখনও ফুরায়নি। ইলিয়াস আলীর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়নি কোনো স্পষ্ট বক্তব্য। তবে এখনও তার ফেরার ব্যাপারে আশাবাদী তার স্বজনরা। অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরা।
ইলিয়াস আলী নিখোঁজের পর তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে দেশব্যাপী গড়ে উঠে কঠোর আন্দোলন। আন্দোলন করতে গিয়ে ইলিয়াসের নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে প্রাণ হারান তিনজন। টানা কর্মসূচি পালন করেছিল কেন্দ্রীয় বিএনপিও। স্বামীকে উদ্ধারের আবেদন জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গেছেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। একইভাবে তিনি স্বামীর তথ্য জানতে উচ্চ আদালতে একটি রিটও করেন। তবে তার কোনো অগ্রগতি নেই।
বিএনপি নেতাদের দাবি, ইলিয়াস আলী সরকারের হেফাজতে আছেন। তারা আশাবাদী সিলেটবাসীর প্রিয় নেতাকে অক্ষত অবস্থায় ফিরে পাবেন।এ দাবিতে শুরু থেকেই প্রতি মাসে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেনও তারা। তবে পুলিশের হয়রানির কারণে তা কিছুদিন অব্যাহত রাখার পর আর ধারাবাহিকতা রাখা যায়নি। তবে নেতাকে ফিরে না পাওয়া পর্যন্ত ভিন্নভাবে কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এর অংশ হিসেবে ইলিয়াস আলী নিখোঁজের সাত বছর পূর্তি উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি নিয়েছে সিলেট জেলা বিএনপি। কর্মসূচির প্রথম দিন বুধবার হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া, দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে ‘নিখোঁজ’ নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
এছাড়া আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টায় নগরীর মিরের ময়দানে লা-রোজ হোটেলের কনফারেন্স হলে ‘গুমের অপরাজনীতি ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘ইলিয়াস আলী জনপ্রিয় নেতা ছিলেন। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি ছিলেন সোচ্চার। এ কারণেই তাকে গুম করা হয়। আমরা সব সময়ই বলে আসছি, সরকারের সদিচ্ছা থাকলে ইলিয়াসকে ফেরত পাওয়া যাবে। তাই তাকে ফেরত পাওয়ার দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সিলেট বিএনপি ছাড়াও কেন্দ্রীয় বিএনপিও ইলিয়াস আলীকে স্মরণ করছে । তার নিখোঁজের সাত বছর পূর্তিতে বুধবার (১৭ এপ্রিল) এক প্রতিবাদ সভার আয়োজন করেছে কেন্দ্রীয় বিএনপি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল ১০টায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
বিএনপি’র সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, ‘বুধবার ইলিয়াস আলীর গুমের ৭ বছর পূর্ণ হচ্ছে। তার স্মরণে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে বিএনপি।’
ইলিয়াস আলী বিএনপি‘র সিলেট অঞ্চলের প্রভাবশালী নেতা ছিলেন এবং ২০০১ সালে সিলেট-২ আসন থেকে দলের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। গত একাদশ সংসদ নির্বাচনে এ আসনে দলের কারান্তরিণ চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা বিএনপি থেকে মনোনয়নপত্র পান।
তবে তা বাছাইয়ে বাতিল হয়ে যায়। এরপর আসনটিতে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে বিএনপি নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়। তিনি ‘উদীয়মান সূর্য’ প্রতিক নিয়ে নির্বাচিতও হন। তবে জোটের নিষেধ সত্ত্বেও সম্প্রতি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
Related News
ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েম
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবংRead More
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরRead More



Comments are Closed