প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মী হচ্ছেন নবীগঞ্জের নারীরা
বৈশাখী নিউজ ডেস্ক: নবীগঞ্জে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন বিধবা, তালাকপ্রাপ্তা ও বেকার নারীরা। আর এসব নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। এখানে প্রশিক্ষণ নিয়ে অনেকেই নিজের পায়ে দাঁড়াতে-আবার অনেকে নিজেরাই প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছেন।
জানা যায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে উপজেলার বেকার নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য ৩ মাসব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণ শুরু হয়। ৩টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মধ্যে সেলাই প্রশিক্ষণে ৩০ জন, ওআইজিএ প্রকল্পের মাধ্যমে ব্লক-বাটিক ও বিউটিফিকেশন ট্রেডে ২০ জন করে ৪০ জনসহ মোট ৭০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। এতে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।
তাদের মধ্যে বিধবা হেনা রাণী দাশ নামের সেলাই প্রশিক্ষণার্থী জানান, ‘আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি অসহায় অবস্থায় ছিলাম, মহিলা বিষয়কের এই ট্রেনিংয়ে ভর্তি হয়ে এখন অনেক কাজ শিখেছি এবং বাড়িতে কাজ করে আয় করে সংসার চালাচ্ছি।’
ব্লক-বাটিক প্রশিক্ষণার্থী তাসলিমা তরফদার জানান, এখানে এসে আমি ব্লক বাটিকের কাজসহ অনেক কিছু শিখতে পেরেছি। পূর্বে আমার এসব সম্পর্কে কোণো ধারণাই ছিল না। এখানে কাজ শেখার পর আমি অর্ডারও নিতে পারছি। আমি নিজে কাজ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি।’
তিনি আরো বলেন-‘আমার মতো যারা লেখাপড়া করে বেকার আছে, কোনো কাজকর্ম পাচ্ছে না তারা এখানে এসে কাজ শিখে নিজে স্বাবলম্বী হতে পারবে এবং নিজের পরিবারকে স্বচ্ছলতার দিকে এগিয়ে নিতে পারবে।’
বিউটিফিকেশনের প্রশিক্ষণার্থী নাজমা বেগম সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগের কারণে আমরা বিউটি পার্লারের যাবতীয় কাজ শিখতে পেরেছি। এখন আমরা নিজেই প্রতিষ্ঠান খুলে কাজ করতে পারবো।’
মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩ টা পর্যন্ত এই প্রশিক্ষণ চলে। প্রতি ৩ মাস করে বছরে ৪টি প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। সম্পূর্ণ আয়বর্ধক কর্মকান্ডের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সরকার এই প্রকল্প চালু করেছে। প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ নিয়েই সফলতার আভাস পাচ্ছেন বলে জানান প্রশিক্ষকরা।
সেলাই প্রশিক্ষক অনুপা রাণী জানান, তাদেরকে অনেক ডিজাইনের পোশাক তৈরি ও সেলাইর যাবতীয় কাজ শেখানো হয়েছে। তারা এখন নিজের পায়ে দাঁড়াতে পারবে।
ব্লক-বাটিক প্রশিক্ষক তাহমিনা আক্তার জানান, প্রশিক্ষণে ব্লকের শাড়ী, বিছনা চাদর, টেবিলের কাভার, বিভিন্ন বাটিক শেখানো হয়েছে। এখানে কাজ শেখার পর ইতিমধ্যে কয়েকজন আসছে পহেলা বৈশাখের শাড়ি তৈরির অর্ডার পেয়েছেন। এই প্রশিক্ষণে বেকার মেয়েদের বেকারত্ব দূর হবে বলে আশাবাদী তিনি।
বিউটিফিকেশনের প্রশিক্ষক সুলতানা আক্তার জানান, আমাদের বিউটিফিকেশনের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে দক্ষতার সাথে কাজ করতে পারবে। এখানে বিউটি পার্লারের সব ধরণের কাজ শেখানো হয়েছে।
নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লীমা জানান, বর্তমান সরকার হচ্ছেন নারী বান্ধব সরকার। নারীদের ক্ষমতায়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, তার অধিদপ্তরের উদ্যোগে নবীগঞ্জে ৩টি ট্রেডে মোট ৭০ জন বেকার শিক্ষিত নারী প্রশিক্ষণ নিচ্ছেন। এভাবে ৩ মাস অন্তর অন্তর বছরে ৪টি প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। ৩ মাসব্যাসী প্রশিক্ষণ শেষে সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদের মধ্যে যারা ক্ষুদ্র ঋণ নিতে চাইবে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেয়া হবে।
এছাড়াও, এই প্রশিক্ষণে নারীরা স্বাবলম্বী হচ্ছেন এবং প্রশিক্ষণের পাশাপাশি নারীর অধিকার, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়েও ধারণা দেয়া হয়।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed