Main Menu

ইজতেমা উপলক্ষে শুক্রবার থেকে বিশেষ ট্রেন

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব ইজতেমাকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণে আগামীকাল শুক্রবার থেকে বিশেষ ট্রেন ব্যবস্থা চালু হচ্ছে।

আখেরি মোনাজাতের আগে ও আখেরি মোনাজাতের দিনসহ এই চার দিন বিশেষ ট্রেন পরিচালিত হবে। ফলে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন গন্তব্যে এ সেবা চালু থাকবে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে ইজতেমা উপলক্ষে শনিবার থেকে সোমবার পর্যন্ত সব ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের মতো এবারও ইজতেমায় মুসল্লিদের যাতায়াত সুবিধা দিতে সুষ্ঠুভাবে ট্রেন চলাচল, বিশেষ ট্রেন পরিচালনা, বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন ও আগত মুসল্লিদের সেবা প্রদানের জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।’

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ এই ট্রেন ব্যবস্থার মধ্যে শুক্রবার ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে জুমা স্পেশাল পরিচালিত হবে।

শনিবার প্রথম দফা মোনাজাতে, মোনাজাত স্পেশাল ১, ২, ৩, ৪ নামে চারটি স্পেশাল ট্রেন ঢাকা-টঙ্গীর মধ্যে চলাচল করবে। পরদিন রবিবার লাকসাম-টঙ্গী ও জামালপুর-টঙ্গী রুটে দুটি বিশেষ ট্রেন চলবে।

আর শেষ দিন সোমবার দ্বিতীয় দফায় আখেরি মোনাজাতের দিন ঢাকা-টঙ্গী রুটে ৮টি, টঙ্গী-ঢাকা রুটে ৮টি, টঙ্গী-লাকসাম রুটে ১টি, টঙ্গী-আখাউড়া রুটে ১টি, টঙ্গী-ময়মনসিংহ রুটে ৪টি এবং টঙ্গী-টাঙ্গাইল রুটে ২টি ট্রেন চলাচল করবে।

একইসঙ্গে মুসল্লিদের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয়সংখ্যক ফোর্স মোতায়েন রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইজতেমা উপলক্ষে গত মঙ্গলবার থেকে আগামী সোমবার পর্যন্ত ঢাকা অভিমুখী সব আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে।

Share





Related News

Comments are Closed