Main Menu

ওসমানীনগরে যুবলীগ সভাপতির বাড়িতে ডাকাতি

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে উপজেলা যুবলীগের সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরে থাকা নগদ ৩ লক্ষাধিক টাকা ও ১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নেয়। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের উদরকোণা-পালপাড়া গ্রামের আনা মিয়ার বাড়ীতে ডাকাতির ঘটনাটি ঘটে। এসময় ডাকাতদের গুলিতে গৃহকর্তা উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া আহত হয়েছেন। এছাড়া, ডাকাতদের মারপিটে আনা মিয়ার স্ত্রী নিপা বেগম, ভাই আরিজ মিয়া, ভাতিজা এপলু মিয়া, ভাতিজি তানিশাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন। তাদের মধ্যে আনা মিয়া, আরিজ মিয়া ও এপলু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে, গত রোববার রাত ৩টার দিকে ১৪-১৫ জনের অস্ত্রধারী মুখোশপড়া একদল ডাকাত আনা মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা বসত ঘরের কলাপসিবল গেটের তালা কেটে এবং দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেদম মারপিট করে এবং বেধে রেখে লুণ্ঠন চালায়। বাইরে থাকা ডাকাতরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ডাকাতরা ঘর থেকে বের হওয়ার সময় আহত আনা মিয়াকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আশপাশের লোকজন খবর পেয়ে ডাকাতদের ধাওয়া করলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক ছড়িয়ে ডাকাতরা পালিয়ে যায়।

উপজেলা যুবলীগ সভাপতি মো. আনা মিয়া বলেন, আল্লাহর রহমতে বেঁচে গেছি। ডাকাতরা আমাকে মারপিটের পাশাপাশি চলে যাওয়ার সময় গুলি চালায়। গুলিটি আমার ডান হাত এবং পায়ে লাগে। ডাকাতরা তার পরিবারের সবাইকে বেদম মারপিট করে এমনকি শিশুরাও ডাকাতদের হাত থেকে রক্ষা পায়নি বলে জানান তিনি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আল মামুন ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও দাবী করেন তিনি।

Share





Related News

Comments are Closed