Main Menu

সুনামগঞ্জে পেরুয়া গণহত্যা মামলায় ১জন গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সুনামগঞ্জের পেরুয়া গণহত্যা মামলার এজাহারভুক্ত আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আবদুর রশীদ জেলার দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের সুরুজ আলীর ছেলে।

মঙ্গলবার পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দিরাই ও শাল্লা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দিরাইয়ের শ্যামারচর বাজার পার্শ্ববর্তী শাল্লা থানা এলাকা থেকে রশীদকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রশীদ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ সপার আরো জানান, গত বছরের ১৯ ডিসেম্বর রাতে ওই দুই থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে একই মামলায় জেলার দিরাই উপজেলার পেরুয়া গ্রাম থেকে মৃত জহুর আলীর ছেলে আব্দুল জলিল, শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জোবায়ের মনির, একই উপজেলার গুঙ্গিয়ারগাঁও গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, শশারকান্দা গ্রামের সিদ্দিকুর রহমান, উজানগাঁও গ্রামের তোতা মিয়াকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, জেলার উজাননগাঁও, শ্যামারচর ও পেরুয়ায় ৭১’ সালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শাল্লা উপজেলার পেরুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রজনী দাস ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছিলেন। ওই মামলায় ১১ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এদিকে ওই মামলায় আবদুর রশীদকে গ্রেফতারের মধ্যদিয়ে এখন পর্যন্ত ৬ আসামিকে পুলিশ গ্রেফতারে সক্ষম হলেও অপর ৫ আসামি আজো অধরাই রয়ে গেছে।

Share





Related News

Comments are Closed