Main Menu

লাউয়াছড়ায় এক সপ্তাহে গল্লাবেত সহ ১১টি গাছ কর্তন

মোঃ আহাদ মিয়া, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকার একটি টিলা থেকে দু’টি গাছের খন্ডাংশ ও ৩০ বান্ডিল গল্লাবেত উদ্ধার করেছে বন্যপ্রাণী বিভাগ। গত এক সপ্তাহে মাগুরছড়া এলাকার ওই টিলা থেকে আরও ৯টি গাছ চুরির ঘটনা ঘটেছে। ফলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী হুমকির মুখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, জাতীয় উদ্যানের মধ্যদিয়ে প্রবাহিত ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকার মুজিবের উঠনি নামক টিলার একই স্থানের ঝোপঝাড় থেকে প্রায় হাজারো গল্লাবেত কর্তন করা হয়েছে। বন্যপ্রাণী বিভাগ খবর পেয়ে চোরাই ৩০ বান্ডিল গল্লাবেত উদ্ধার করেছে। গত এক সপ্তাহ ধরে বনের টিলার ঐ একই স্থান থেকে দুই তিন দফায় ১১টি গাছ কেটে ফেলে দুর্বৃক্তরা। মেহগনি, চিকরাশি সহ কয়েকটি প্রজাতির ৯টি গাছ কেটে খন্ডাংশ করে সংঙ্গবদ্ধ স্থানীয় চোরচক্র। সর্বশেষ একই স্থান থেকে রবিবার দিবাগত রাতে আরও দু’টি গাছ কেটে ফেলে চোর দল। তবে চোরদল ঐ গাছের খন্ডাংশ নিতে পারেনি। বনবিভাগ সোমবার দুপুরে কেটে ফেলা স্থান থেকে গাছের খন্ডাংশ উদ্ধার করে পিকআপ যোগে লাউয়াছড়া বনবিট অফিসে নিয়ে যায়।

লাউয়াছড়া বনবিট কর্মকর্তা উদ্ধারকৃত গল্লাবেত ও কেটে ফেলা গাছের মূল্য নির্ধারণ করতে না পারলেও ধারণা করা হচ্ছে ৩০ বান্ডিল গল্লাবেত ও ১১টি গাছের বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকা হবে। কেটে ফেলা এসব গাছের গুড়ায় বনবিভাগ লাল কালিতে ক্রস চিহ্ন দিয়ে রাখে।

সংরক্ষিত বন ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের টিলাভূমি থেকে নানা সময়ে গাছ চুরির ফলে কমছে বন্যপ্রাণীর আবাসস্থল। খাবার ও আবাসস্থল সংকোচনের কারনে বিভিন্ন সময়ে বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে আসে। বনের গভীরতা হ্রাস, ঝোপজঙ্গল কমে যাওয়ার কারনে জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।

অভিযোগ বিষয়ে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন ৩০ বান্ডিল গল্লাবেত ও দু’টি গাছের খন্ডাংশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, চোরচক্র গল্লাবেত কেটে ফেলার সংবাদ পেয়ে সাথে সাথেই অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। এগুলো নিলামে বিক্রি করা হবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন সংরক্ষক আবু মোছা সামছুল মোহিত চৌধুরী বলেন, দু’টি গাছ কর্তনের সংবাদ পেয়েছি এবং সেগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাছের খন্ডাংশ ও গল্লাবেত নিলামে বিক্রি করা হবে এবং এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed