Main Menu

দুর্নীতি মামলায় নওয়াজ শরিফের ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: আল আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তবে ফ্ল্যাগশিপ দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন নওয়াজ।

সোমবার (২৪ ডিসেম্বর) তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়।

পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন অনলাইনের খবরে বলা হয়েছে, এই দুই মামলায় নওয়াজকে ২৫ মিলিয়ন ডলার এবং দেড় মিলিয়ন পাউন্ড জরিমানা করেছেন আদালত।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়।

রায় ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে এদিন সকাল থেকেই নওয়াজ শরীফের দল পিএমএল-এন’র নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। তবে অপ্রীতিকর কোনও ঘটনার খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবে একটি ইস্পাত কারখানায় নওয়াজ তার বিনিয়োগের কোনও উৎস দেখাতে না পারায় দুর্নীতি মামলায় তাকে এ সাজা দেয়া হয়েছে।

অন্যদিকে আদালতের এ রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন নওয়াজ শরিফ।

এর আগে চলতি বছরের ৬ জুলাই লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে ৭ বছরের কারাদণ্ড দেয়। রায়ের এক সপ্তাহের মাথায় নওয়াজ ও তার মেয়ে লন্ডন থেকে ফিরলে ১৩ জুলাই বিমানবন্দরেই তাদের গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো।

সবশেষ স্ত্রী কুলসুম নওয়াজ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে শেষকৃত্যে অংশ নিতে গত ১২ সেপ্টেম্বর নওয়াজকে প্যারলে মুক্তি দেয়া হয়েছিল। এরপর তাকে আবারও কারাগারে নেয়া হয়।

Share





Related News

Comments are Closed