Main Menu

সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শহীদুল ইসলাম ওরফে শহীদ মিয়া নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত শহীদ মিয়া (৪২) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার ভোরে এসএমপির মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মোঃ শহীদুল ইসলাম ওরফে শহীদ মিয়া দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকার আহমদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায় বলে জানা গেছে।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, বুধবার ভোররাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‍্যাব এর একটি বিশেষ দল।

এসময় মাদক ব্যাবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালালে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শহীদ মিয়া গুলিবিদ্ধ হন।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এর আগে ২০১৭ সালের জুলাই মাসে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দম্পতি শহীদ ও তার স্ত্রী শিউলি আক্তার বুলুকে গ্রেফতার করেছিলো র‌্যাব। এ সময় তাদের আরও ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।

মাদকবিরোধী অভিযানে সিলেটে এর আগে অনেককে গ্রেফতার করা হলেও এই প্রথম র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কোনো মাদক ব্যবসায়ী নিহতের ঘটনা ঘটলো।

Share





Related News

Comments are Closed