Main Menu

পরিচালক আমজাদ হোসেন লাইফ সাপোর্টে

বিনোদন ডেস্ক: প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন ব্রেন স্ট্রোক করেছেন। তাঁকে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি এখন লাইফ সাপোর্টে রয়েছেন।

আজ রোববার (১৮ নভেম্বর) সকালে ব্রেন স্ট্রোক করার পর আমজাদ হোসেনকে হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে ডা. শহীদুল্লাহ সবুজের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে আমজাদ হোসেনের।

আমজাদ হোসেনের ছেলে নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান বলেন, আমি যখন বুঝতে পেরেছি যে আব্বা হাত-পা নাড়তে পারছিলেন না, তখনই আব্বাকে নিয়ে হাসপাতালে যাই। ডাক্তার তখন জানালেন যে আব্বা ব্রেন স্ট্রোক করেছেন। আব্বার শারীরিক অবস্থা ভালো না। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, যেন সুনিবিড় চিকিৎসা হয়।

চলতি বছরই অসুস্থ হয়ে থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছিলেন আমজাদ হোসেন। সেখানে তার ক্ষুদ্রান্ত্রে দুটি অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে আসেন তিনি।

৭৬ বছর বয়সী আমজাদ হোসেন একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে পরিচিত। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ‘ভাত দে’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি, কাল সকালে’র মতো কালজয়ী অনেক চলচ্চিত্র নির্মাণ করেন। তাঁর ছোটগল্প থেকে তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘জয়যাত্রা’ সিনেমাটি।

‘কেও কোন দিন আমারে তো কথা দিলোনা’, ‘আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার’ প্রভৃতি তাঁর লেখা জনপ্রিয় গান।

আমজাদ হোসেন তাঁর সামগ্রিক সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য একুশে পদকে ভূষিত হয়েছেন। সাহিত্যে অবদানের জন্য জিতেছেন বাংলা েএকাডেমি পুরস্কার। চলচ্চিত্রে নানা ভূমিকার জন্য রেকর্ড সর্বোচ্চ ১২ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Share





Related News

Comments are Closed