Main Menu

দেশে আরও ৫ মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার প্রতিশ্রুতি দিয়েছেন, তার দল আগামী জাতীয় নির্বাচনে পুনর্নির্বাচিত হলে দেশের পাঁচ বিভাগীয় সদরে আরও পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

বুধবার রাজধানীর মহাখালীতে ২৫০ শয্যা বিশিষ্ট শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল উদ্বোধনকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকায় কার্যক্রম পরিচালনা করছে। সেই সাথে রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন রয়েছে।

জাতীয় নির্বাচন নিয়ে শেখ হাসিনা বলেন, সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। ‘নির্বাচন কমিশন যেকোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা করবে….আমরা নির্বাচনে অংশ নেব।’

তিনি উল্লেখ করেন, যদি জনগণ পুনরায় আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে তাদের সেবা দেয়া দলের পক্ষে সম্ভব হবে। ‘যদি (সরকারের) ধারাবাহিকতা থাকে তাহলে আমরা যে লক্ষ্য ঠিক করেছি তা পূরণ করতে পারব।’

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হবে ২০২০ সালে, আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে ২০২১ সালে। সরকার দেশকে উন্নত হিসেবে গড়ে তুলতে ২০৪১ সালকে নির্দিষ্ট করেছে। সেই সাথে ভবিষ্যত প্রজন্মের জন্য দেশকে সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে ডেলটা প্লান ২১০০ প্রণয়ন করা হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ভবিষ্যত প্রজন্মের জন্য দেশ গড়ে তোলা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্ন অনুযায়ী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এক দেশ।

প্রধানমন্ত্রী চিকিৎসকদের তাদের পেশাকে নিষ্ঠা ও আত্মোৎসর্গের মাধ্যম হিসেবে গ্রহণ করে জনগণকে সেবা দেয়ার আহ্বান জানান।

দেশের মানুষ যেসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হন এবং তাতে কোন ধরনের ওষুধ ভালো কাজ করে তা খুঁজে বের করতে গবেষণার প্রতি জোর দেন তিনি। ‘আমি মনে করি এই ক্ষেত্রে গবেষণা খুব গুরুত্বপূর্ণ।’

প্রধানমন্ত্রী জানান, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হবে গবেষণা করা। সেই সাথে মেডিকেল কলেজগুলো নিজ এলাকার বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সংযুক্ত থাকবে। মেডিকেল কলেজগুলোর পাঠ্যক্রমের মান উন্নয়নে কাজ করবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো।-খবর ইউএনবি

Share





Related News

Comments are Closed