Main Menu

বাস বন্ধ করে সিলেটে পরিবহন শ্রমিকদের সমাবেশ, দুর্ভোগে যাত্রীরা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিভাগীয় শ্রমিক সমাবেশের কারণে সিলেটে অযাচিত দুর্ভোগে পড়েছেন দূর পাল্লার যাত্রীরা। এ সমাবেশের কারণে শনিবার ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত দূরপাল্লার যান ছেড়ে যায়নি। একারণে চরম ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। যারা ওই সময়ে আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন তারা নিজেদের গন্থব্যে যেতে পারেননি।

ভুক্তভোগীরা জানান, দূরপাল্লার বাসের পাশাপাশি এসময় নগরীতে অনেক যাত্রীবাহী পরিবহন চলাচল করতে দেয়নি পরিবহন শ্রমিকরা।

তবে শুধুমাত্র দূরপাল্লার বাস নয়, বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া আন্ত:জেলা, উপজেলা ভিত্তিক বাসগুলোও চলাচল করেনি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারন মানুষ।

এসময় শত শত যাত্রী বাস ছাড়ার অপেক্ষায় বসে থাকেন। কেউ বসে আছেন বাস কাউন্টারের সামনে, কেউবা রাস্তার ধারে ফুটপাতে। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও ছিলেন বাসের অপেক্ষায়।

জানা গেছে সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে গত শুক্রবার।

সড়ক পরিবহন আইন-২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবীতে সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভাগীয় শ্রমিক সমাবেশের আয়োজন করা । আর এই সমাবেশের কারণেই শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দূরপাল্লার বাস সিলেট থেকে অন্য গন্তব্যে ছেড়ে যায়নি।

সমাবেশে সড়ক পরিবহন আইন ২০১৮ সংস্কার সহ ৮ দফা দাবি ২৭ অক্টোবরের মধ্যে না মানলে আগামী ২৮ ও ২৯ অক্টোবর ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত বিভাগীয় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

এসময় তিনি বলেন, ৪৮ ঘন্টার ধর্মঘটে দাবি আদায় না হলে, ৯৬ ঘন্টার পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হবে। তাতেও দাবি আদায় না হলে সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়া হবে।

সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাদিকুর রহমান হিরু।

বিভাগীয় শ্রমিক সমাবেশে সকল উপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed