বাঁশঝাড় থেকে মিলল স্কুলশিক্ষিকার গলিত লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার ৪দিন পর শরীয়তপুরের জাজিরার বড়মুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুবিনা আক্তার রুমার (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়ির পিছনে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জাজিরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।
জাজিরা থানা ও স্কুলের প্রধান শিক্ষক খান আব্দুর রহিম সূত্রে জানা গেছে, রুবিনা আক্তার রুমা জাজিরা উপজেলার ২০নং বড়মুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে ২০১০ সাল থেকে কর্মরত আছেন। রুবিনা আক্তার একই উপজেলার মুলনা ইউনিয়েনের মধ্যরায়েরকান্দি গ্রামের মৃত হাসান মুন্সীর মেয়ে।
তিনি গত শুক্রবার ২১ সেপ্টেম্বর নিজ বাড়িতে আসরের নামাজ শেষে ব্যক্তিগত কাজে উপজেলা সদরে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তার মা মোবাইল ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এর পর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ২৩ সেপ্টেম্বর রুবিনার ভাই শামসুল হক মুন্সি জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এরপর আজ মঙ্গলবার বিকেলে বাড়ির পেছনে বাঁশঝাড় থেকে গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দেখতে পায়। পরে তারা জাজিরা থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে আত্মীয়-স্বজন ও পুলিশ কিছু জানাতে পারেনি।
ভগ্নিপতি কামাল মাদবর বলেন, রুবিনা আর আমার শাশুড়ি বাড়িতে থাকেন। রুবিনার একমাত্র ভাই শামসুল হক মুন্সি ঢাকায় থাকেন। অপর ৪ বোন তাদের শ্বশুর বাড়িতে থাকেন। গত শুক্রবার আমার শাশুড়ির কাছে জাজিরা উপজেলা শহরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রুবিনা। এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানতে পারিনি।
স্কুলের প্রধান শিক্ষক খান আব্দুর রহিম বলেন, রুবিনা ব্যক্তিগতভাবে ধার্মিক ও খুবই ভালো চরিত্রের অধিকারী ছিলেন। তিনি ২০১০ সাল থেকে নিষ্ঠার সাথে বিদ্যালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। তার এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা শোকাহত।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাঁশঝাড়ে দাঁড়ানো অবস্থায় অর্ধগলিত ও পোকায় ধরা লাশ উদ্ধার করে। অর্ধগলিত লাশের গায়ে পোকা ধরায় তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষে মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আমরা মৃত্যুর কারণ জানতে জোর তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। পরে আমরা সেমতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এ ঘটনায় সহকর্মী, ছাত্র-ছাত্রী ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed