Main Menu

ইবিতে মধ্যরাতে পানির দাবিতে ছাত্রীদের আন্দোলন

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রীরা পানির দাবিতে মধ্যরাতে আন্দোলন করেছেন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পানির জন্য হল গেটে অবস্থান করেন তারা।

এসময় তারা ‘পানি চাই, পানি দাও’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। ছাত্রীদের আন্দোলনের খবর শুনে সহকারী প্রক্টর নাসিমুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় তিনি ছাত্রীদের হলের ভেতর নিয়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।

পরে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে ছাত্রীরা আন্দোলন স্থগিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ব্যবহার্য পানির সমস্যা বেশ কিছুদিন ধরেই চলছে। বিষয়টি প্রভোস্ট স্যারকে বহুবার জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। মঙ্গলবার সারাদিন পানি না থাকায় একরকম বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি।

এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, বেশ কিছুদিন থেকেই আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। কিন্তু প্রকৌশল অফিসের যথাযথ সাহায্য পাচ্ছি না। ফলে স্থায়ী কোনো সমাধানে আসতে পারছি না। পাইপলাইনে সমস্যার কারণে সাময়িক স্থবিরতা দেখা দিয়েছে। আশা করি, শুক্রবারের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

Share





Related News

Comments are Closed