Main Menu

র‌্যাব-পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশে র‍্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়েছেন। র‍্যাব ও পুলিশের দাবি- নিহতরা ডাকাত, মাদক ব্যবসায়ী ও চরমপন্থি দলের সদস্য।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানীর রায়ের বাজারের বুদ্ধিজীবী কবরস্থান, কক্সবাজারের উখিয়া ও পাবনার আতাইকুলায় বন্দুকযুদ্ধের এসব ঘটনা ঘটে।

ঢাকার মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক এসআই আনিছুর রহমান জানান, সোমবার দিবাগত রাতে খবর আসে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে দুই ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদি হাসান জানান, কক্সবাজারের উখিয়া উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যাবাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী ছিলেন।

পাবনার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কৈজুরী গ্রামের শশ্মানের পাশে একদল দুষ্কৃতিকারী গোপন বৈঠক করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ অভিযানে গেলে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কুরবান আলী নামের একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, নিহত কুরবান চরমপন্থি নকশাল দলের আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে আটঘরিয়া ও আতাইকুলা থানায় হত্যা-ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed