Main Menu

শ্রীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুলছাত্র নিহত

মাছুদ পারভেজ (গাজীপুর) সংবাদদাতাঃ গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে সাঈম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

গতকাল রোববার বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের বানার নদীর ওপর সদ্য নির্মিত অ্যাডভোকেট রহমত আলী সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈম শ্রীপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। স্থানীয় বরমী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত সাঈমের বাবা জানান, রোববার বিকেলে সাঈম তার আরও দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেল যোগে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি অ্যাডভোকেট রহমত আলী সেতুর ওপর পৌঁছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাঈমকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান জানান, হাসপাতালে আনার আগেই সাঈমের মৃত্যু হয়েছে। অহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed