Main Menu

সুনামগঞ্জের হাওরে পর্যটকদের উপচে পড়া ভিড়

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের ছুটিতে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হাওরবেষ্টিত ভাটির জনপদ ও পর্যটন এলাকাখ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। হিজল-করচ, নলখাগড়া বেষ্টিত নীল জলরাশির টাঙ্গুয়ার হাওর, মুক্তিযুদ্ধে শহীদ বীর বিক্রম শহীদ সিরাজ লেক (নীলাদ্রী লেক), রূপের নদী যাদুকাটা ও প্রয়াত চেয়ারম্যান হাজি জয়নাল আবেদীনের শিমুল বাগানে হাজারো পর্যটকের ঢল নেমেছে।

গতকাল (২৩ আগস্ট) বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা, সিলেট, ময়নসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের উল্লাসে মেতে উঠেছিল পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় তাহিরপুর উপজেলার পর্যটন স্পটগুলো।

কেউ একা এসেছেন কেউবা পরিবার পরিজনের সাথে। নৌকায় টাঙুয়ার হাওরের সৌন্দর্য উপভোগে নেমে পড়েছেন। অনেকেই যাদুকাটার নদীতে বন্ধু বান্ধবের সাথে জলকেলিতে মেতেছেন।

কথা হয় ঢাকা থেকে আসা এক বেসরকারি চাকুরিজীবি সাব্বির খানের সাথে। তিনি সপরিবারে বেড়াতে এসেছেন টাঙ্গুয়ার হাওরে। তিনি বললেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টাঙ্গুয়ার হাওরসহ এ উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি দেখে ঈদের ছুটিতে এখানে বেড়াতে আসলাম। অনেক ভালো লেগেছে। প্রতিটি স্থানই আলাদা, প্রকৃতির এই অপরুপ শোভা দেখে আমি মুগ্ধ।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নৌকায় রাত্রিযাপনকারীদের নাম ঠিকানা অন্তর্ভূক্ত করা হচ্ছে বিশেষভাবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বরিশাল থেকে আসা পর্যটক সিরাজ মিয়া বলেন, এলাকাটি খুবই মনোমুগ্ধকর। যে কারো ভালো লাগবে। কিন্তু রাস্তাঘাট ভালো না থাকায় কিছুটা কষ্ট হয়েছে। এছাড়া নৌকা ভাড়াও বেশি। এদিকে প্রশাসনের নজর দেয়া উচিত।

শিমুল বাগান ঘুরতে আসা পর্যটক আরমাছ আহম্মদ ও পাপিয়া হোসেন জানান, অনেক ভালো লেগেছে। ঈদের ছুটিতে এখানে এসে পরিবারের সবার সঙ্গে অনেক মজা করেছি। এখন শিমুল গাছে পুল নেই, ফুল ফোটা অবস্থায় আরো অসাধারন লাগে এই জায়গা।

Share





Related News

Comments are Closed