Main Menu

ওসমানী হাসপাতালে আরিফ, রাজুর স্বজনদের সমবেদনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কুমারপাড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ছাত্রদল কর্মী ফয়জুল হক রাজুর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন সিসিকের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওসমানী হাসপাতালে তিনি রাজুর স্বজনদের সমবেদনা জানান। এ সময় আরিফুল হক চৌধুরীও কান্নায় ভেঙ্গে পড়েন।

এ সময় আরিফুল হক সাংবাদিকদের বলেন, অপরাধী যেই হোক আমি এর সুষ্ঠু বিচার চাই। তিনি আরো বলেন, তাঁর বিজয়কে বিতর্কিত করতেই কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এই ঘটনা ঘটিয়েছে।

মেয়র আরিফ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা এডভোকেট সামসুজ্জামান জামান, জেলা বিএনপি নেতা মইনুদ্দিন সোহেল, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুর রকিব বাবলু, সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন।প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ছাত্রদলের বিদ্রোহী পক্ষের একটি দল মিছিল সহকারে ওসমানী হাসপাতালে আসে। মিছিলে তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু সিলেট ল’ কলেজের শিক্ষার্থী ছিলেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামের ফজর আলীর ছেলে রাজু থাকতেন সিলেট নগরীর উপশহরে তার চাচা জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দবীর আলীর বাসায়।
গতকাল শনিবার রাত সোয়া ৯টায় কুমারপাড়ায় ছাত্রদলের একটি গ্রুপের হামলায় রাজু গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১০টায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু।

Share





Related News

Comments are Closed