Main Menu

সিসিকের স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের স্থগিত হওয়া দু’টি কেন্দ্রসহ ১৬ কেন্দ্রের পুনরায় ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।

শনিবার সকালে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়ে। তবে নারী ভোটারের সংখ্যা বেশি চোখে পড়েছে।

প্রতিদ্বন্দ্বিতায় থাকা দুই মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান থেকে ৪৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন।

১৬১ ভোট পেলেই আরিফ পরবেন জয়ের মালা। এছাড়া নির্বাচনে দুই সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরের মধ্যে একজন করে এবং তিনজন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর আজ নির্বাচিত হবেন।

এদিকে, ১৯, ২০ ও ২১নং সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে গঠিত সংরক্ষিত ৭নং ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে নাজনীন আক্তার কনা (জিপগাড়ি) ও নার্গিস সুলতানা (চশমা) প্রতীকে সমান সংখ্যক ভোট পাওয়ায় এ দুই প্রার্থীর মধ্যে ১৪টি কেন্দ্রে পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই অনুষ্ঠিত ভোটে তারা দু’জনেই সমান চার হাজার ১৫৫ ভোট পেয়েছেন।

সংরক্ষিত ৭নং ওয়ার্ডের ১৪টি কেন্দ্র হলো- ১৯নং ওয়ার্ডের হাজি শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব পাশের ভবন (পুরুষ) ও উত্তর এবং পশ্চিম পাশের ভবন (নারী), বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), দর্জিপাড়া সার্ক ইন্টারন্যাশনাল কলেজ (নারী), ২০নং ওয়ার্ডের এমসি কলেজ টিলাগড় (পুরুষ ও নারী), দেবপাড়া নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর পাশের ভবন (পুরুষ কেন্দ্র) ও দক্ষিণ পাশের (নারী), সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় (নারী ও পুরুষ), ২১নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় (পুরুষ ও নারী), কালাশীল চান্দুশাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা (পুরুষ ও নারী), সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ ও নারী), শিবগঞ্জ স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল (পুরুষ ও নারী)।

কোনরূপ গলযোগ ছাড়াই শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে জানান রিটার্নীং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই সবগুলো কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই সন্তোষ প্রকাশ করেছেন।

শনিবার দুপুর ১২টায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, জনগণের রায় কোনোভাবে ছিনিয়ে নেওয়া যায় না, জনগণ প্রমাণ করেছে কোনো ষড়যন্ত্র সিলেটে কার্যকর হবে না।

“জনগণের ভোটে আমি এগিয়ে আছি, আজও ভোটাররা আমাকেই ভোট দিবেন বলে আমি আশাবাদী।”

ভোট খুব ভালো হচ্ছে, পরিবেশও ভালো। যদি ৩০ জুলাই এমন ভোট হতো তাহলে আজ আর ভোটের দরকার হতো না, বলেন আরিফুল।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন, সিলেট মহানগর সহ সভাপতি ছালেহ আহমদ খসরু, জেলা সাংগঠনিক সম্পাদক এমরারন আহমদ চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

অন্যদিকে যেকোনো ফলাফলই মেনে নেবেন বলে জানিয়ছেন আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

বেলা ১১টায় বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ। নির্বাচন কমিশন সফল।

এ সময় কামরানের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা ক্রীড়া সম্পাদক রনজিত সরকার, মহানগর দপ্তর সম্পাদক শামসুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৩০ জুলাই গোলযোগের অভিযোগে দুই কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ২ হাজার ২২১ জন। আর হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ২ হাজার ৫৬৬ জন। সব মিলিয়ে এই দুই কেন্দ্রে ভোটের ৪ হাজার ৭৮৭ জন।

৩০ জুলাইয়ের নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ভোট গণনায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। এসব কেন্দ্রের ফলাফলে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন।

এছাড়া সংরক্ষিত ৭ নং ওয়ার্ডে ২ জন প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হয়ে যাওয়ায় পুনরায় ভোটগ্রহন অনুষ্টিত হয়।

Share





Related News

Comments are Closed