বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় চলমান বিক্ষোভ-আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ২ আগষ্ট বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত রবিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর হোটেল র্যাডিসনের বিপরীত পাশের জিল্লুর রহমান উড়ালসড়কের ঢালের সামনের রাস্তার ওপর জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও দিয়া খানম ওরফে মীম (১৬) নিহত হয়।
এ ঘটনায় রাতেই নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট একটি থানায় মামলা দায়ের করেন।
দুই শিক্ষার্থী নিহতের পর ওই দিন বিকেলেই রাজধানীর দু-একটি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পরদিন সোমবার নৌপরিবহন মন্ত্রী শাহাজান খান গণমাধ্যমের সামনে এ নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করলে ফুঁসে ওঠে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
এরই ধারাবাহিকতায় নিরাপদ সড়ক নিশ্চিতসহ ৯ দফা দাবিতে বুধবার টানা চতুর্থ দিনের মতো রাজধানীর মতিঝিল শাপলা চত্বর, পল্টন, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড়, মিরপুর-১০ নম্বর গোল চত্বর, তেজগাঁও, রামপুরা, টঙ্গি, উত্তরা, মোহাম্মদপুরসহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুর-অগ্নিসংযোগ করে শিক্ষার্থীরা।
এসময় তারা নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে থাকে। সকাল থেকেই রাজধানীর প্রায় সব পথ অবরুদ্ধ করে ফেলায় চরম দুভোর্গে পড়ে কর্মজীবী ও সাধারণ শ্রমজীবী মানুষ।
বুধবার (১ আগস্ট) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।
তবে বিষয়টির সমাধানে বুধবার (১ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি অবিলম্বে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে উদ্ভূত সংকট সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
একইদিন সচিবালয়ে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার কথা সাংবাদিকদের জানান আইনমন্ত্রী আনিসুল হক।
এদিকে বুধবার দিনভর বিক্ষোভ-অবস্থানের পর নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মেনে নেয়া না হলে আগামীকাল বৃহস্পতিবারও একইভাবে রাজধানী ঢাকাকে অবরুদ্ধ ও অচল করে দেয়া হবে বলে বিকেলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী। তারা বলছেন, যতোই ঝড়-বৃষ্টি আসুক না কেন, বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। ৯ দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেয়া না হবে, ততক্ষণ শাহবাগ ছাড়বে বলেও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে শাহবাগ সহ বেশ কিছু পয়েন্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে তারকাদেরও সংহতি প্রকাশ করতে দেখা যায়।
এরই মধ্যে বুধবার জাবালে নূর পরিবহনের মালিক শাহাদৎ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। ঘাতক বাসটির চালক মাসুম বিল্লাহকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একইসঙ্গে বাতিল করা হয়েছে জাবালে নূর পরিবহনের রুট পারমিট ও নিবন্ধন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed