Main Menu

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় ট্রাক চাঁপায় ৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শনিবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার নতুন সেতুর পাশে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩ টায় সিলেট থেকে ছেড়ে যাওয়া সুনামগঞ্জগামী একটি দ্রুত গতির ট্রাক গোবিন্দগঞ্জ নতুন সেতুর পাশে দাঁড়ানো যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা একটি রিকশাকে চাপা দেয়। রিকশা ও অটোরিকশা দুটি ট্রাকের চাপায় ধুমড়ে-মুচড়ে যায়। সেই সাথে ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

এ সময় রিকশা ও অটোরিকশায় থাকা আহত যাত্রীদের স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা যান।

নিহতরা হলেন, রিকশার যাত্রী ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আব্দুর রউফের পূত্র মোজাম্মেল হক (৪৫), অটোরিকশার যাত্রী জামালগঞ্জ উপজেলার বড় গাছতিয়া গ্রামের শরিয়ত উল্লার পূত্র শফিকুল ইসলাম (২৮), একই এলাকার মজুমদার আলীর পূত্র মোস্তাফা হোসেন (২৯) একই উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের পূত্র আব্দুল মোতালিব (৬৫)।

এছাড়া নিহত মোজাম্মেল হকের পূত্র নাসির হোসেন নাফি (৭) ও সিলেটের একটি প্রাইভেট কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী আফরোজা শাহরিয়ার নওশীনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য আহত ৪ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শরিফ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। রোববার ময়না তদন্ত শেষে মরদেহ নিহতদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed