Main Menu

চট্রগ্রাম ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরের খুলশি থানার মতিঝরনা এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। র‍্যাবের ভাষ্য, নিহত দুজন মাদক ব্যবসায়ী। একজনের বয়স ২৫ ও আরেকজনের ৩৫।

জানা যায়, দুইজন লোক মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। র‍্যাবের টহলরত সদস্যরা তাদের থামার সংকেত দেয়। তারা গাড়ি না থামিয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে দুজনের লাশ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে ৮৫ কেজি গাঁজা, পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‍্যাব। র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিনতানুর রহমান ‘বন্দুকযুদ্ধের’ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খোরশেদ আলম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দাউদকান্দির হাসানপুর সরকারি কলেজের বিপরীতে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ জেলার দেবীদ্বার উপজেলার গংগানগর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, কুমিল্লা থেকে প্রাইভেটকার যোগে ঢাকায় মাদকের চালান যাচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল হাসানপুর কলেজের বিপরীতে রাস্তায় অবস্থান নিয়ে যানবাহনে তল্লাশি করে।

তিনি বলেন, রাত দেড়টার দিকে তালিকাভুক্ত মাদক বিক্রেতা খোরশেদ আলমকে বহনকারী প্রাইভেটকার আটকের সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে খোরশেদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওসি আলমগীর।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার ও ৮০ কেজি গাঁজা এবং দুই রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান উদ্ধার করেছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে দেবীদ্বারসহ কুমিল্লা, ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Share





Related News

Comments are Closed